রামপলকে জরিমানা, স্যামিকে সতর্কবার্তা
কিংস্টন টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় জরিমানা করা হয়েছে রবি রামপলকে। অধিনায়ক ড্যারেন স্যামিকেও কড়া ভাষায় সতর্কবার্তা পাঠিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো। রামপলেরর ম্যাচ ফির ১০ ভাগ কেটে রাখা হবে বলে আজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি।গতকাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানেই ৮ উইকেট পড়ে যাওয়ার পর হার এড়াতে প্রাণপণ লড়ছিলেন রবি রামপল। নবম উইকেটে ফিদেল এডওয়ার্ডের সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা আশাও জাগিয়েছিলেন উইন্ডিজ শিবিরে। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানের মাথায় ইশান্ত শর্মার দুর্দান্ত এক বাউন্সার তাঁর হাতে লেগে জমা পড়ে ধোনির গ্লাভসে। আঙুল তুলতে সময় নেননি আম্পায়ার ড্যারেল হারপার। কিন্তু তার পরও হতবাক হয়ে উইকেটে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দুই আম্পায়ারের উদ্দেশ্যেও কিছু একটা বলেছিলেন তিনি। আর এটাকে আইসিসির আচরণবিধির লঙ্ঘন হিসেবেই দেখেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। তিনি বলেছেন, ‘আউট হওয়ার পরও রবি উইকেটে দাঁড়িয়ে ছিলেন এবং আউট দেওয়া নিয়ে দুই আম্পায়ারের উদ্দেশে কিছু একটা বলেছিলেন। ভারতের প্রথম ইনিংসে অমিত মিশ্রও এই একই ধরনের কাজ করেছিল। সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। এটা পুরোপুরি আইসিসির আচরণবিধি ভঙ্গ করার শামিল।’ রয়টার্স।