রামপলের বাঁধভাঙা উচ্ছ্বাস
শচীন টেন্ডুলকারের উইকেট যেকোনো বোলারের কাছেই প্রার্থিত। আর সেই উইকেটটি যদি কোনো উঠতি বোলার পান প্রথমবারের মতো, সেটি হয়ে যায় তাঁর আজন্ম স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসার উপলক্ষ। পরশু চেন্নাইয়ে এই উপলক্ষ পেয়ে গেলেন রবি রামপল। ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই টেন্ডুলকারকে ফিরিয়ে দেন ভারতীয় বংশোদ্ভূত এই ওয়েস্ট ইন্ডিয়ান পেসার। রামপল বলছেন ওটা ছিল ‘সঠিক সময়ে সঠিক বল’।অফ স্টাম্পের ওপর পিচ করা রামপলের দুর্দান্ত বলটি টেন্ডুলকারের ব্যাটের কানা ছুঁয়ে জমা হয় উইকেটকিপার ডেভন টমাসের গ্লাভসে। রামপলের আবেদন অস্ট্রেলীয় আম্পায়ার স্টিভ ডেভিস প্রত্যাখ্যান করলেও টেন্ডুলকার নিজে থেকেই উইকেট ছেড়ে হাঁটা দেন।টেন্ডুলকারকে ফিরে যেতেই দেখেই উচ্ছ্বসিত রামপল আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেন, ‘এটা ছিল আমার ক্যারিয়ারের সেরা বল। যে মুহূর্তগুলো আপনার স্বপ্নে থাকে, এটি ছিল তার একটি। তাঁকে হাঁটতে দেখাটা ছিল দারুণ। এটা ছিল অসাধারণ এক অনুভূতি। আমি ঠিক বুঝতে পারছিলাম না কীভাবে উদ্যাপন করব।’পরশু কেমার রোচের অসুস্থতার সুবাদে মাঠে নামার সুযোগ হয় ২৬ বছর বয়সী রামপলের। বিশ্বকাপের অভিষেক লগ্নকে স্মরণীয় করে রাখেন ক্যারিয়ার-সেরা বোলিং করে—৫১ রানে ৫ উইকেট। নিয়েছেন টেন্ডুলকার, গম্ভীর, বিরাট কোহলি, ইউসুফ পাঠান, জহির খানের উইকেট! রামপলের কণ্ঠেও সেই তৃপ্তি, ‘এখানে এটা ছিল আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। অন্যতম সেরা ব্যাটসম্যানের উইকেট পেয়েছি। দলকে ব্রেক থ্রু এনে দিতে পারাটা ছিল দারুণ।’চিদাম্বরম স্টেডিয়ামের বিশাল দর্শকের সামনে খেলাটাকেও রামপল দেখছেন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে, ‘বড় মঞ্চে বিশাল দর্শকের সামনে খেলাটা ছিল দারুণ উত্তেজনার।’আগেও তাঁর সেরা বোলিং ছিল এই ভারতের বিপক্ষেই, ২০০৯ সালের ২৮ জুন। কিংসটনের স্যাবাইনা পার্কে সেদিন ভারতকে ১৮৮ রানে বেঁধে ফেলতে রামপল ৩৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৮ উইকেটে। সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ বড় কোনো দলের বিপক্ষে জয়। এএফপি।