রামপ্রকাশের অবসর
অবসর নিলেন মার্ক রামপ্রকাশ। অবসান হলো একটি যুগের। ক্রিকেট সম্ভবত হারাল প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা সর্বশেষ ব্যাটসম্যানকে। বয়স হয়ে গেছে ৪২। তার পরও কিছুটা আক্ষেপ নিয়েই ক্রিকেটকে বিদায় বললেন ৪৬১টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৫,৬৫৯ রান করা ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার। আরও কিছুদিন খেলাটা চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ১৯৮৭ সালে মিডলসেক্সের হয়ে ক্যারিয়ার শুরু করা এই ক্রিকেটারের। কিন্তু গত মাসে বর্তমান দল সারে না করে দেওয়ায় আর এগোল না ২৫ বছরের ক্যারিয়ার।রামপ্রকাশের আন্তর্জাতিক ক্রিকেটটাও চির আক্ষেপের বিষয়। ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলে মাত্র দুটি সেঞ্চুরি। ২৭.৩২ গড়ে মাত্র ২৩৫০ রান। অথচ কাউন্টি ক্রিকেটে ২০ মৌসুমেই হাজারের ওপরে রান করেছেন। তিন মৌসুমে করেছেন দুই হাজারের বেশি। শুধু ব্যাটিং নয়, নাচেও পারদর্শী রামপ্রকাশ বিবিসির ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’ অনুষ্ঠানে বিজয়ী হয়েছিলেন ২০০৬ সালে। এএফপি।