রামিরেসকে চায় চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ঝড় থামে, আরেকটা ওঠে। দলবদলের বাজারটা এমনই। ফার্নান্দো তোরেসকে নিয়ে কদিন খুব হইচই চলল। লিভারপুলেই থাকছেন বলে স্প্যানিশ স্ট্রাইকার নিজেই সব কৌতূহলে জল ঢেলে দিয়েছেন। দলবদলের বাজার এবার মেতে উঠেছে রামিরেসকে নিয়ে। আপাতত খবর, বেনফিকার ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে চাইছে চেলসি। বিবিসির খবর, ব্রাজিলের ২০১০ বিশ্বকাপ দলের সদস্য রামিরেসের জন্য বেনফিকাকে ১ কোটি ৭০ লাখ পাউন্ড দিতে রাজি চেলসি। হঠাৎ করেই শূন্য হয়ে গেছে চেলসির মাঝমাঠটা। জো কোল চেলসি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন। জার্মান মিডফিল্ডার মাইকেল বালাকও চেলসির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। এই শূন্যতা পূরণ করতেই রামিরেসের দিকে হাত বাড়িয়েছেন চেলসি কোচ কার্লো আনচেলত্তি।তবে রামিরেসকে পাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা আছে। এমনিতে বেনফিকা তাঁকে ছাড়বে না এমনটা বলেনি। তবে ব্রাজিলের ক্লাব ক্রুজেরো থেকে রামিরেস বেনফিকায় গিয়েছিলেন তৃতীয় পক্ষ জুরাবশিয়ানের মধ্যস্থতায়। রামিরেস যখন গত বছর ক্রুজেরো থেকে বেনফিকায় নাম লেখান, তখন ট্রান্সফার ফির একটা অংশ দিয়েছিল এই ক্রীড়া-বাণিজ্য উদ্যোক্তা।রামিরেস এখন বেনফিকা থেকে চেলসিতে গেলে জুরাবশিয়ানকে ৬০ লাখ পাউন্ড দিতে হবে। এ কারণেই বেনফিকা চেলসির কাছে আরও বেশি টাকা দাবি করে বসবে। এখন দেখার বিষয়, বেনফিকার সেই দাবি মিটিয়ে রামিরেসকে চেলসি নেয় কিনা।চেলসিতে রামিরেসের যাওয়া হোক আর না-ই হোক, তাঁকে নিয়ে দলবদলের বাজারে কদিন হইচই চলবে। তবে তোরেসকে নিয়ে আপাতত হইচই বন্ধ। তোরেস বলে দিয়েছেন, ‘আমি আমার সতীর্থদের সঙ্গে থাকতে পারছি, এতে আমি খুশি। ক্লাব এবং ক্লাবের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা সেই আগের মতোই আছে।’ এএফপি, ওয়েবসাইট।