উম মাহেরের বাড়িতে পরশু যেন ছিল ঈদের আনন্দ। আশপাশের পড়শি নারীরা একে একে ভিড় করছেন বাড়িতে। ছোট্ট বসার ঘরের টিভিটায় নজর সবার। এ বাড়ির ছেলে মাহের আবু রামেইলেহ গেছেন লন্ডনে, ইতিহাস গড়তে। সেটাই দেখতে সবার ভিড়। অনেকে আবার আবেগের চোটে নিয়ে এসেছেন ফিলিস্তিনের পতাকা। রামেইলেহকে টিভিতে দেখানো মাত্রই সবার সে কী প্রচণ্ড হাততালি! পুরুষদের এ ঘরে প্রবেশাধিকার নেই। বন্ধুদের নিয়ে বাবা শফিক মাহের বসেছেন তাঁর ওড়নার দোকানে। দামাস্কাস গেট থেকে তাঁর দোকান অল্প দূরত্বে। সেখানেও দারুণ উত্তেজনা।না, দুর্দান্ত কিছু করে দেখাতে পারেননি। জুডোর অনূর্ধ্ব ৭৩ কেজি শ্রেণীতে প্রথম রাউন্ডেই হেরেছেন। বেলজিয়ান প্রতিপক্ষ ডার্ক ফন টিচেল্টের কাছে সেই পরাজয়টিও মাত্র পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে। কিন্তু কখনো কখনো মানবিক গল্পটা এত বড় হয়ে ওঠে, জয়-পরাজয় যেখানে গৌণ। রামেইলেহর গল্পটা যেমন। ফিলিস্তিন থেকে এবার পাঁচ অ্যাথলেট অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে রামেইলেহ শুধু নিজ যোগ্যতাবলে কোয়ালিফাই করেছেন অলিম্পিকে, বাকি চারজন এসেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আনুকূল্যে। ফিলিস্তিনের মতো একটা দেশ থেকে অলিম্পিকে কোয়ালিফাই করাও তো অনেক বড় ব্যাপার। ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে সেই কৃতিত্ব রামেইলেহর।লড়াই শুরুর আগেই তাই তাঁর মা উম মাহের যেমন বলছিলেন, ‘ও আমার বড় ছেলে। আমি চাই, ও জিতুক। পাঁচ বছর বয়স থেকেই ও জুডো খেলে। তবে ও যদি নাও জিততে পারে, তার পরও ওকে নিয়ে আমি গর্বিত।’ কেন গর্বিত সেই ব্যাখ্যাও দিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টের ছবি দেখালেন, যে ছবিতে ফিলিস্তিনের পতাকাবাহক তাঁর ২৮ বছর বয়সী ছেলেই। ‘ও নিজের হাতে ইতিহাস গড়েছে।’ বলছিলেন এক আবেগাপ্লুত মা।মায়ের আবেগকে পাল্লা দিতে পারে না পৃথিবীর কিছুই। তবে শফিক বোধহয় পারলেন। নিজে একসময় জুডো খেলতেন। এই খেলাটা তাঁর প্রাণের খেলা। কিন্তু অলিম্পিক তাঁর জন্য ছিল দূর আকাশের তারা। ‘ও আমার স্বপ্নটাই বাঁচিয়ে রেখেছে, অলিম্পিক পর্যন্ত গেছে।’ বলছিলেন শফিক। পাঁচ ছেলে আর এক মেয়ে সবাইকে জুডো শিখিয়েছেন। তিনিই রামেইলেহর প্রশিক্ষক। খেলা শেষের পরও পুত্রগর্বে গর্বিত মনে হচ্ছিল তাঁকে, ‘যা-ই হোক না কেন, ওকে নিয়ে আমরা গর্ব করি। ও ভালোই খেলেছে। আসলে ভাগ্যও লাগে।’না, রামেইলেহ পারেননি। আবার পেরেছেনও। বোমা-বারুদ-রক্ত নিত্যদিন দেখে আসা ফিলিস্তিনিদের কয়েক মিনিটের জন্যও ভুলিয়ে রেখেছিলেন বাকি সবকিছু থেকে। এই পাওয়াটাও কম কিছু নয়! এএফপি।