রামোস-বুসকেটস ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ফুটবলারের চরিত্রের মধ্যে একটা মিল আছে। দুজনই নিজ নিজ দলের সবচেয়ে বিতর্কিত দুই চরিত্র। সার্জিও বুসকেটসের নামের পাশে প্রায়ই হলুদ কার্ড দেখা যায়। কারণে-অকারণে ডাইভ দেন বলে। ভাষ্যকারেরা তো তাঁকে বলেন ‘ড্রামা কুইন’। সার্জিও রামোস অবশ্য মার খাওয়ার অভিনয় করার চেয়ে মার দিতেই বেশি আগ্রহী। অ্যাকশন ছবির মারদাঙ্গা ‘নায়ক’ রামোস হলুদ-লাল কার্ড পেয়েছেন বিস্তর। দুজনের মধ্যে সবচেয়ে বড় অমিল—একজন খেলেন বার্সেলোনায় একজন রিয়াল মাদ্রিদে!দুজন দুই মেরুর বাসিন্দা হলেও রামোসকে অনেক সমীহ করেন বুসকেটস। স্পেন দলের হয়ে খেলতে এলে কাঁধ মিলিয়ে লড়েন। লড়বেন আজও। আজ আবার রামোসের বিশেষ ম্যাচ। শততম ম্যাচের মাইলফলক ছোঁবেন এই ডিফেন্ডার। এই উপলক্ষে জাতীয় দলের সতীর্থকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিলেন বুসকেটস। বললেন, তাঁর ক্ষমতা থাকলে রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে এনে বার্সেলোনার একাদশে রামোসকে বসিয়ে দিতেন! কদিন আগে রামোস বলেছিলেন, তাঁর ক্ষমতা থাকলে তিনি রিয়ালে নিয়ে আসতেন বুসকেটসকে!সেই কথারই উত্তর দিতে গিয়ে বুসকেটস প্রশংসার পাল্টা বৃষ্টিতে ভেজালেন ‘প্রতিদ্বন্দ্বী’কে, ‘এ ধরনের প্রশংসাবাক্য পেয়ে আমি খুব খুশি। আসলে কথাটা সার্জিওর মতো একজন বলেছে বলে এটার মাহাত্ম্য আমার কাছে আরও অনেক বেশি। ও গ্রেট একজন খেলোয়াড়। আমার পক্ষে সম্ভব হলে আমিও ওকে আমাদের দলে সই করাতাম।’ক্লাবে ক্লাবে তাঁদের মধ্যে যতই রেষারেষি থাকুক, সেই ‘শত্রুতা’ ক্লাবে ফেলে এসেই জাতীয় দলে এক হন। বুসকেটস জানালেন, এই একতাই স্পেন দলের বড় শক্তি। কারণ রিয়াল-বার্সার খেলোয়াড়েরাই মূলত খেলেন স্পেন দলে। ‘আমরা এখন সবাই একই নৌকার যাত্রী। আমরা অভিন্ন এক জাতীয় দলের জন্যই লড়াই করি। আমরা এখানে সহযোদ্ধা। ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার কারণে এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই’—বলেছেন বুসকেটস। ওয়েবসাইট।