রামোসকে 'খুন' করতে চেয়েছিলেন ক্যাসিয়াস!

দীর্ঘ ২৩৮ দিন পর আবার রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন ইকার ক্যাসিয়াস। প্রথম একাদশে আবারও নিজের জায়গাটা পাকাপোক্ত করে নেওয়ার সুবর্ণ সুযোগও ছিল এটা। কিন্তু সবকিছু ওলোটপালট হয়ে গেছে সতীর্থ সার্জিও রামোসের এক কনুইয়ের গুঁতোতে। আবারও চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে স্পেনের বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী দলের অধিনায়ককে। সেটিও মাত্র ম্যাচে ১৪ মিনিট খেলার পর। রামোসকে তো খুন করারই ইচ্ছা হতে পারে ক্যাসিয়াসের!
গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ৬-১ গোলের জয় নিয়ে ইস্তাম্বুল থেকে ফেরার সময় বিমানে পাশাপাশিই বসেছিলেন ক্যাসিয়াস আর রামোস। সেখানে দুষ্টুমি করে রামোসকে ঘুষি মারার ভঙ্গি করছিলেন ক্যাসিয়াস। রামোস পরে ঠাট্টা করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘কেউ একজন আজ আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। ভাগ্য ভালো যে ইনজুরিটা খুব বেশি গুরুতর নয়, আর ইকার খুব দ্রুতই মাঠে ফিরবে।’
গত মৌসুমে প্রথমে ইনজুরি আর পরে হোসে মরিনহোর সুদৃষ্টি হারিয়ে ফেলার পর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে কাটাতে হচ্ছে ইকার ক্যাসিয়াসকে। নতুন কোচ কার্লো আনচেলত্তিও লা লিগার ম্যাচগুলোর জন্য বেছে নিয়েছেন ডিয়েগো লোপেজকে। লোপেজও খেলছেন এতটাই দুর্দান্ত, ক্যাসিয়াসের বেঞ্চ গরম করা ছাড়া উপায় ছিল না। এর মধ্যেই যে সুযোগটা পেয়েছিলেন আনচেলত্তিকে দ্বিতীয়বার তাঁকে নিয়ে ভাবতে, সেটাও বিভীষণ হয়ে হাজির সতীর্থের কারণেই ফসকে গেল।
রামোস অবশ্য অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বন্ধুর কাছে। ‘সন্ত’ ক্যাসিয়াসও মনে রাগ পুষে রাখেননি। দ্রুতই সুস্থ হয়ে আবার একাদশে ফেরার লড়াইয়ে নামতে চান তিনি। আর চোটটাও গুরুতর নয় বলে শিগগিরই অনুশীলনে ফিরবেন স্পেন অধিনায়ক।