মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি আসছেন না, মোটামুটি নিশ্চিত ছিল আগে থেকেই৷ শোনা যাচ্ছিল রোহিত শর্মা কিংবা রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে আসবে ভারত৷ কিন্তু ধোনি-কোহলির সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই দুজনকেও৷ বিশ্রাম পেয়েছেন এমনকি শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামিও৷ গত এশিয়া কাপের দলে জায়গাই পাননি যিনি, নেই সুরেশ রায়নাকে অধিনায়ক করে বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত৷ আনকোরা ক্রিকেটারদের ছড়াছড়ি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এই ভারতীয় দলে৷ তবে প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান করা রবিন উথাপ্পা৷
দর-কষাকষি করে আইপিএল ও ভারতের ইংল্যান্ড সফরের মাঝে অনেকটা জোর করেই বসিয়ে দেওয়া হয়েছে এই সিরিজ৷ ভারতের শীর্ষ ক্রিকেটারদের না আসাটা প্রত্যাশিতই ছিল৷ কিন্তু এতটা নবীন দল ছাড়িয়ে গেছেও অনুমানকেও৷ ১৫ সদস্যের দলে গত এশিয়া কাপের দল থেকে আছেন শুধু পূজারা, অ্যারন, রায়ডু, মিশ্র, বিনি ও রাহানে৷ এতজন নিয়িমত খেলোয়াড়ের বিশ্রামে স্বাভাবিকভাবেই সুযোগ মিলেছে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের পারফরমারদের৷ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে নজরকাড়া (ওভারপ্রতি ৬.২২ রান দিয়ে ১৬ উইকেট) ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল যেমন জায়গা পেয়েছেন দলে৷ পেসার মোহিত শর্মাও ফিরেছেন আইপিএলের পারফরম্যান্সে (১৪ ম্যাচে ১৯ উইকেট)৷ আবার আইপিএলে ভালো কিছু না করেও সুযোগ পেয়েছেন কেদার যাদব, বিনয় কুমার, মনোজ তিওয়ারিরা৷ রঞ্জিতে এবার সর্বোচ্চ রানের মালিক যাদব (১২২৩), কর্ণাটক ও দক্ষিণাঞ্চলকে নেতৃত্ব দিয়ে এবার তিনটি ঘরোয়া শিরোপা জিতেছেন বিনয়৷ বেশ কয়েকবার শুধু ভারতের ডাগ-আউট গরম করেই বাদ পড়া তিওয়ারি প্রায় দুই বছর পর পেলেন আরেকটি সুযোগ৷
কাশ্মীরের অফস্পিনার পারভেজ রসুল রঞ্জির নিয়মিত পারফরমার৷ জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে গত বছর ভারতীয় দলে ডাক পেয়েছিলেন জিম্বাবুয়ে সফরে৷ তবে আন্তর্জাতিক অভিষেক হয়নি এখনো৷ উইকেটের পেছনে দাঁড়াবেন ঋদ্ধিমান সাহা৷ রায়নার ব্যাপারটি অবশ্য ভিন্ন৷ ঘরোয়া ক্রিকেট বা আইপিএল, কোনোটিতেই পারফরম্যান্স আহামরি নয়৷ সম্ভবত নেতৃত্ব দেওয়ার মতো সিনিয়র একজনের প্রয়োজনীয়তাই দলে ফিরিয়েছে তাঁকে৷
দুঃসময়ের বৃত্তে বন্দী বাংলাদেশ দলের জন্য ভারত সিরিজ ঘুরে দাঁড়ানোর সুযোগ৷ ভারত দুর্বল দল পাঠানোয় প্রত্যাশাটা আরও বেড়ে যাওয়া স্বাভাবিক৷ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবতেই চান না, ‘যারা সুযোগ পেয়েছে, ওরা কিন্তু আইপিএল-ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই এসেছে৷ আর আন্তর্জাতিক ম্যাচে সহজ বলে কিছু নেই৷ তা ছাড়া আমাদের এখন প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় নয়৷ গত কিছুদিন ভালো কাটেনি আমাদের, নিজেদের সেরাটা দেওয়াই থাকবে লক্ষ্য৷ তা প্রতিপক্ষ ধোনিরা থাকলেও এই লক্ষ্য থাকত, এখনো তা-ই৷’
বাংলাদেশ সিরিজের দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিিন, মোহিত শর্মা, অমিত মিশ্র৷