রাশ হিউজ গিগসের পর বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত তালিকায় আর্সেনালের সামির নাসরি, ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজ ছিলেন। কিন্তু এঁদের পেছনে ফেলে ইংলিশ পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন গারেথ বেল।এই মৌসুমে বিশ্ব ক্লাব ফুটবলের আলোচিত খেলোয়াড় টটেনহাম হটস্পারের এই উইঙ্গার। পুরো মৌসুমেই মাঠে আলো ছড়িয়েছেন। ২১ বছর বয়সী বেলের কাঁধে চেপেই আবারও হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই করছে টটেনহাম। চ্যাম্পিয়নস লিগেও টটেনহাম পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে।গোল করার চেয়ে গোল করানোর কাজটাই তাঁর কাছে আসল। তবে গোলের রাস্তাটাও ভালোই চেনেন বেল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১ গোল। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে রয়েছে তাঁর সেই বিখ্যাত হ্যাটট্রিকও।ইংল্যান্ডের পেশাদার ফুটবলারের পুরস্কার এই কৃতিত্বেরই স্বীকৃতি। ইয়ান রাশ, মার্ক হিউজ, রায়ান গিগসের পর ওয়েলসের চতুর্থ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন গারেথ বেল। ‘আমি সত্যিই ভীষণ আনন্দিত। এটা বিশাল এক পুরস্কার এবং এটা জেতা খুবই সম্মানের, বিশেষ করে সেরাদের পেছনে ফেলে’—বলেছেন তরুণ বেল। টটেনহামে মূলত উইঙ্গারের দায়িত্ব পালন করলেও লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন বেল। তরুণ এই ফুটবলারের ওপর এরই মধ্যে দৃষ্টি পড়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইতালির বড় ক্লাবগুলোর।বর্ষসেরা তরুণ খেলোয়াড়েরও মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তিনি নন, সেরা তরুণের পুরস্কারটা উঠেছে আর্সেনালের জ্যাক উইলশেয়ারের হাতে। বেলের মতো ১৯ বছর বয়সী উইলশেয়ারের দুর্দান্ত পারফরম্যান্সও দৃষ্টি কেড়েছে সবার। ওয়েবসাইট।