রাশিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম

প্রথম ম্যাচের মতো আজ রাশিয়ার বিপক্ষেও বেলজিয়াম জয়ের বন্দরে পৌঁছেছে বদলি খেলোয়াড়ের কল্যানে। পুরো ম্যাচ গোলশূণ্য থাকার পর ৮৮ মিনিটে বেলজিয়ামের পক্ষে জয়সূচক গোলটি করেছেন ডিভক অরিগি। ৫৭ মিনিটে রোমেল লুকাকুর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার। টানা দুই ম্যাচে জয় দিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বেলজিয়াম।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও বেলজিয়াম ২-১ গোলে জিতেছিল বদলি খেলোয়াড়দের গোলে। তবে সেই ম্যাচের মতো উপভোগ্য পারফরম্যান্স আজ দেখাতে পারেনি রেড ডেভিলরা। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে যেন আরও নিস্প্রভ হয়ে পড়েছিলেন হ্যাজার্ড-ফেলাইনিরা।
৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি অবশ্য ছিল দেখার মতো। প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে দুজন খেলোয়াড়কে কাটিয়ে অরিগির দিকে বল ঠেলেছিলেন হ্যাজার্ড। ফাঁকায় বল পেয়ে জোরালো শটে সেটাকে জালে জড়াতে অরিগিরও কোনো ভুল হয়নি। এই গোলের কয়েক মিনিট আগে কেভিন মিরালাসের একটি ফ্রি-কিকও ফিরে এসেছিল গোলপোস্টে লেগে।
প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল রাশিয়াও। ৪৪ মিনিটে হেড থেকে গোল করার দারুণ এক সুযোগ এসেছিল আলেক্সান্ডার কোকোরিনের সামনে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি এই রাশিয়ার ফরোয়ার্ড।
২০ মিনিটে বেলজিয়ামের স্ট্রাইকার দ্রিস মের্তেনসও পেয়েছিলেন ভালো একটি সুযোগ। কিন্তু তাঁর শট চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।