রাশিয়া থাকছে রিওতে
অ্যাথলেটিকসে নিষিদ্ধ হয়েছে আগেই। রিও অলিম্পিক থেকে পুরো রাশিয়াই নিষিদ্ধ হয় কি না, সেটি জানার অপেক্ষা ছিল। লুজানে কাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সংবাদ সম্মেলনের পর একটু স্বস্তির নিশ্বাসই পড়েছে অন্যসব খেলার রুশ অ্যাথলেটদের। আইওসি অলিম্পিক থেকে নিষিদ্ধ করেনি রাশিয়াকে। এ সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়েছে প্রতিটি খেলার আলাদা ফেডারেশনগুলোকে। তবে ফেডারেশনের অনুমতি পেলেও অলিম্পিকে অংশ নিতে যাওয়া সব রুশ অ্যাথলেটকেই কিছু কঠিন শর্ত পালন করতে হবে।
লুজানে কাল আইওসির সভার পর এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেশনগুলো সব রুশ অ্যাথলেটের ডোপ রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করবেন। তবে এরই মধ্যে রিচার্ড ম্যাকলারেনের তদন্ত প্রতিবেদনে যেসব অ্যাথলেটের নাম এসেছে, তাঁরা রিও অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের একজন বিশেষজ্ঞ সেই সিদ্ধান্ত অনুমোদন দেবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইওসি। সব রাশিয়ান অ্যাথলেটের ক্ষেত্রেই এই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
আগামী ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক। এর আগে সম্ভাব্য প্রায় ৩০০ রুশ অ্যাথলেটের ক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে হবে। কাজটা যে বেশ চ্যালেঞ্জিং, তা ভালোই বুঝতে পারছেন আইওসি সভাপতি টমাস বাখ। সে কারণেই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা খুবই উচ্চাকাঙ্ক্ষী সময়সীমা। কিন্তু আমাদের হাতে আর কোনো বিকল্পও নেই। আমরা চূড়ান্ত মানদণ্ড অনুসরণ করব।’
এ সিদ্ধান্ত নিতে গিয়ে আইওসি ব্যক্তিগতভাবে কোনো অ্যাথলেট যাতে অবিচারের শিকার না হন, সেটিও বিবেচনায় রেখেছে বলে জানিয়েছেন বাখ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়া স্বাগত জানিয়েছে আইওসির সিদ্ধান্তকে। এর আগেই রিওতে নিষিদ্ধ দেশটির ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো বলেছেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। বৈশ্বিক ক্রীড়া এবং অলিম্পিক পরিবারের ঐক্যের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আইওসির কাছে কৃতজ্ঞ।’ এএফপি, রয়টার্স।