রাশিয়া নিষিদ্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) তদন্ত প্রতিবেদনের পর ২০১৫ সালের নভেম্বরে অ্যাথলেটিকস থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। সেই নিষেধাজ্ঞা পরে গত বছর দুই দফায় বাড়ানো হয়েছে। যে কারণে ২০১৬ রিও অলিম্পিকেও অংশ নিতে পারেননি অনেক রাশিয়ান অ্যাথলেট। রাশিয়ার জন্য দুঃসংবাদ, এ বছর আগস্টে লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারবে না তারা। সম্প্রতি হয়ে যাওয়া কাউন্সিলের পর আইএএএফ জানিয়েছে, এ বছর নভেম্বরের আগে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

পরশু মোনাকোর ক্যাপ ডি-অ্যাইলে হয়ে যাওয়া কাউন্সিল শেষে আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কো জানিয়েছেন, ডোপবিরোধী টাস্কফোর্স রাশিয়ায় কিছু ইতিবাচক উন্নতি দেখতে পেয়েছে। তবে এর পাশাপাশি কিছু নেতিবাচক ব্যাপারও তাদের পর্যবেক্ষণে এসেছে। এ ছাড়া সংবাদমাধ্যমে রাশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন ও দেশটির অনেক ক্রীড়া কর্মকর্তার বক্তব্যও ভালোভাবে নেয়নি আইএএএফ। সব মিলিয়ে রাশিয়াকে নভেম্বরের আগে অ্যাথলেটিকসে ফেরানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেই মনে করছে আইএএএফ। এএফপি।