রাশিয়া নিয়ে বিভক্ত ক্রীড়াবিশ্ব
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রিও অলিম্পিকে নিষিদ্ধ করেনি রাশিয়াকে। সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হয়েছে প্রতিটি খেলার আন্তর্জাতিক ফেডারেশনের ওপর। আর এতেই যেন রাশিয়ার স্বস্তি। আরও সুখবর পেতে শুরু করেছে রাশিয়া। টেনিস, আর্চারি ও সেইলিংয়ের আন্তর্জাতিক ফেডারেশনগুলো অলিম্পিকের জন্য ছাড়পত্র দিয়েছে রাশিয়াকে।
তবে আইওসির এ সিদ্ধান্তে ক্রীড়াবিশ্ব দুই রকম প্রতিক্রিয়াই জানিয়েছে। বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) তাদের তদন্তের পরই পুরো রাশিয়া দলকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। আইওসির সিদ্ধান্ত জানার পর সংস্থাটি হতাশ। পরশু লুজানে আইওসির সংবাদ সম্মেলনের পরই ওয়াডার সভাপতি স্যার গ্রেগ রিডি তাঁর বিবৃতিতে বলেছেন, ‘আমরা খুবই হতাশ যে আমাদের সুপারিশ আমলে নেওয়া হয়নি।’ স্বচ্ছ ক্যারিয়ারের ক্রীড়াবিদেরা এতে নিজেদের অনিরাপদ ভাবতে পারেন বলেও মনে করে ওয়াডা।
ওয়াডার মতোই যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপানসহ ১৪টি দেশের ডোপবিরোধী সংস্থা রিওতে রাশিয়ার নিষেধাজ্ঞা চেয়েছিল। সেটি না হওয়ায় তারাও অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্রের ডোপবিরোধী সংস্থা (ইউএসএডিএ) এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখজনকভাবে, স্বচ্ছ অ্যাথলেট ও অলিম্পিকের সম্মান রক্ষার সময়টাতেই আইওসি নেতৃত্বের উদাহরণ তৈরি করতে পারেনি।’ ব্রিটিশ ক্রীড়ামন্ত্রী ট্রেসি ক্রাউচও বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদন আরও কঠিন সিদ্ধান্ত দাবি করেছিল আইওসির কাছ থেকে। আইওসি ফেডারেশনগুলোর ওপর সেই দায় চাপিয়ে দিয়েছে।’
আবার উল্টোটাও আছে। ইতালির মতো রাশিয়ার বন্ধু দেশগুলো যেমন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, স্বাগত জানানো হয়েছে ইউরোপিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকেও। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তো সবার আগে রুশ অ্যাথলেটদের রিও অলিম্পিকের জন্য ছাড়পত্রই দিয়েছে। পরে গতকাল পর্যন্ত এই দলে যোগ দিয়েছে আর্চারি ও সেইলিং ফেডারেশন।
তবে দুঃসংবাদও শুনেছে রাশিয়া। বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা গতকাল সাত রুশ সাঁতারুকে নিষিদ্ধ করেছে অলিম্পিকে। তাঁদের মধ্যে আছেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও লন্ডন অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জজয়ী ইয়ুলিয়া এফিমোভাও। এফিমোভা অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু সাঁতারুরাই নয়, দুই ভারোত্তোলক ও এক কুস্তিবিদও নিষিদ্ধ হয়েছেন। এএফপি, রয়টার্স।