রাশিয়া যাচ্ছে রাব্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম রাব্বী
গোলাম রাব্বী

গোলাম রাব্বী কিছুই জানত না। নারায়ণগঞ্জের মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাঠে কাল বিকেলে সে অনুশীলন করছিল। মাঠের পাশে দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন বাবা বশির উদ্দিন। রাব্বী রাশিয়া যাচ্ছে, সুসংবাদটা তাঁকেই জানানো হলো মোবাইল ফোনে। বশির উদ্দিনের যেন বিশ্বাসই হচ্ছিল না খবরটা, ‘তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না! এর আগেও একবার ওর মালয়েশিয়ায় যাওয়ার কথা বলেছিল বাফুফে। সেবার ও যেতে পারেনি।’
বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র খেলোয়াড় হিসেবে রাশিয়ায় কনফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১২ ফুটবল খেলতে যাচ্ছে গোলাম রাব্বী। রাশিয়ায় আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে এই ফুটবল ফেস্টিভ্যাল। প্রায় ২০০ ফুটবলারের উন্মুক্ত ট্রায়াল থেকে বেছে নেওয়া হয় তিন খুদে ফুটবলার রাব্বী, সম্পদ হোসেন ও ড্যানিয়েল করিমকে। বাফুফের স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বেছে নিয়েছেন ‘ভাগ্যবান’ রাব্বীকে। রাব্বীর সঙ্গে বাংলাদেশের দুজন ক্রীড়া সাংবাদিকও যাবেন রাশিয়ায়।
রাব্বী নারায়ণগঞ্জ আলম চাঁদ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয় মদনগঞ্জ ফুটবল একাডেমির ১১ বছর বয়সী এই স্ট্রাইকার খবরটা শুনে উচ্ছ্বসিত, ‘আমার কী যে ভালো লাগছে! আমার মনে হচ্ছিল যে ট্রায়ালে টিকতে পারি।’
ছোটবেলা থেকেই ফুটবলটা ভীষণ পছন্দ রাব্বীর। কাল রাব্বীর বাবা সেই কথাই বলছিলেন, ‘অন্য ছেলেদের চকলেট দিলেই খুশি হতো। কিন্তু ও চকলেটের বদলে ফুটবল নিতে চাইত। তখনই বুঝেছিলাম বড় হলে ও ফুটবলারই হবে।’