রাশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত ইতালি
পাতানো খেলার বিতর্কে জাতীয় দল থেকে ডিফেন্ডার ক্রিসিটোকে খুইয়েছে ইতালি। ইউরোর আগে সেই প্রভাবটি খুব ভালোভাবেই টের পাওয়া গেল। কাল জুরিখে রাশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ইউরোর আগে সমর্থকদের একটা বাজে সংকেতই দিয়ে গেল ‘আজ্জুরি’রা।ম্যাচ পাতানো বিতর্ক ইতালির প্রস্তুতিতে এত বাজে প্রভাব রাখছে যে কোচ সিজারে প্রানদেল্লি ত্যক্ত-বিরক্ত হয়ে বলেই বসেছেন যে তাঁর দল ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলে তিনিই সবচেয়ে বেশি খুশি হবেন। কালকের ম্যাচে রক্ষণভাগের ভুল দুঃস্বপ্নের মতোই দেখা দিয়েছে ইতালীয় শিবিরে। সেই সঙ্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচটি যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করবেন জিয়ানলুইগি বুফনের বদলি হিসেবে মাঠে নামা তরুণ গোলরক্ষক মরগান ডি স্যানসিটিস। খেলার প্রথম দিকে অবশ্য ইতালিরই সুস্পষ্ট প্রাধান্য ছিল। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ব্যূহে কাঁপনও ধরিয়েছিল তারা, কিন্তু আক্রমণভাগের ব্যর্থতার কারণে সাফল্যের মুখ দেখেনি। আক্রমণের ধারা গতিশীল হলেও ইতালির ‘বিখ্যাত’ রক্ষণভাগ ছিল প্রথম থেকেই বিভ্রান্ত। ইতালির রক্ষণভাগের ভুলেই দ্বিতীয়ার্ধের শুরুতে রাশিয়াকে এক গোলে এগিয়ে দেন আলেকজান্ডার কারঝাকভ। রাশিয়ার পক্ষে খেলার শেষের দিকে বাকি দুটো গোল করেন রোমান শিরোকভ। এ নিয়ে পরপর তিনটি আন্তর্জাতিক ম্যাচে কোনো গোল করতে পারেনি ইতালি। বরং নভেম্বর ও ফেব্রুয়ারিতে যথাক্রমে উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। তবে কালকের পরাজয় ২০১০ সালের বিশ্বকাপের চরম ব্যর্থতার পর দায়িত্ব নেওয়া প্রানদেল্লির অধীনে সবচেয়ে বড় ব্যবধানে হারের কলঙ্ক হয়েই দেখা দিয়েছে। ইউরোয় ইতালিকে খেলতে হবে যথেষ্ট কঠিন গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের লড়াইটা কেমন হবে, তা নিয়ে এখনই প্রমাদ গোনা শুরু করেছেন তাদের সমর্থকেরা।ম্যাচ শেষে হতাশ ইতালি কোচ প্রানদেল্লি দলের বাজে প্রস্তুতির কথাই বারবার তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমাদের বেশ কিছুটা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। ভালো প্রস্তুতির জন্য যে সময়ের দরকার, তা আমাদের হাতে নেই।’ তিনি কালকের ম্যাচে পরাজয় সম্পর্কে বলেন, ‘প্রথমার্ধে খেলাটা ছিল সমানে-সমান। খেলার প্রথম ১০ মিনিটের মধ্যেই যেকোনো দল গোল করে এগিয়ে যেতে পারত। দ্বিতীয়ার্ধেও আমার ছেলেরা একেবারে খারাপ করেনি। কিন্তু গোলটা খেয়ে যাওয়ার পরেই তারা ঝিমিয়ে পড়ে। এটা মানসিক ব্যাপার না শারীরিক ব্যাপার ঠিক বুঝলাম না। গোল খেয়ে তেতে ওঠার বদলে ঝিমিয়ে পড়ার ব্যাপারটি আমার মাথায় আসছে না।’প্রানদেল্লি বলেন, ‘একদিক দিয়ে বাজে খেলাটা ইউরোর আগে খেলে ফেলাই ভালো হয়েছে। কালকের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে ইউরোয় আমাদের নতুন উদ্যমে ঝাঁপাতে হবে।’ রয়টার্স।