রাশিয়ার শাস্তি
১১ জুন ইংল্যান্ড-রাশিয়া ম্যাচের আগে মার্শেই শহরের রাস্তাতে খণ্ডযুদ্ধে নেমেছিলেন দুই দলের সমর্থকেরা। রক্তারক্তি, পুলিশের হস্তক্ষেপ, গ্রেপ্তার বাদ থাকেনি কিছু। যুদ্ধের রেশ ছিল ম্যাচের পরও। শেষ বাঁশির খানিক পরই স্তাদ ভেলোদ্রমে দুই পক্ষের মধ্যে আবার মারামারি, এদিক-সেদিক ছোটাছুটি।
এ ঘটনায় দুই দলকেই ইউরো থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল উয়েফা। তবে শুধু রাশিয়ার বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ উয়েফা শুধু স্টেডিয়ামের ঘটনাটি বিবেচনায় নিয়েছে। সেদিন স্টেডিয়ামে রাশিয়ান সমর্থকেরাই প্রথমে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে ইংলিশ সমর্থকদের আক্রমণ করেছিল। এ কারণে রাশিয়ান ফুটবল ইউনিয়নকে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে। সে সঙ্গে দেওয়া হয়েছে স্থগিত নিষেধাজ্ঞা। প্রতিযোগিতা চলাকালীন অন্য কোনো ম্যাচে রাশিয়ান সমর্থকেরা আবার এমন কিছু করলে রাশিয়াকে বহিষ্কার করা হবে টুর্নামেন্ট থেকে। এএফপি।