রাষ্ট্রদূত থেকে বিওএর মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন আগামীকাল। তবে নামেই নির্বাচন। সভাপতি-মহাসচিব, দুজন সহসভাপতি, একজন উপমহাসচিব ও কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ১৯টি পদে ভোটাভুটি হচ্ছে। প্রার্থী ২৩ জন।শীর্ষ পদে নির্বাচনটা আসলে লোক দেখানো। প্রার্থী একজনই—সেনাবাহিনীর প্রধান। বিওএর সভাপতি পদে নির্বাচনের বিধান চালু হওয়ার পর থেকে এটিই পরিচিত দৃশ্য। যখন যিনি সেনাপ্রধান থাকেন, তাঁর জন্যই বরাদ্দ পদটি। এবারও ব্যতিক্রম হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া। সরকারের ইচ্ছায় সেনাপ্রধান প্রার্থী হন বলে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এগিয়ে আসেন না কেউ। এটাই এ দেশের বাস্তবতা।মহাসচিব পদেও এবার একক প্রার্থী। গত নির্বাচনে তবু দুজন প্রার্থী থাকায় নির্বাচনটা সত্যিকারের নির্বাচনী উত্তাপ ছড়ায়। গোলাম কুদ্দুস চৌধুরীকে হারিয়ে মহাসচিব হন কুতুবউদ্দিন আহমেদ। এবার তিনি নির্বাচন করছেন না। পরিবর্তিত অবস্থায় এই নির্বাচনে একমাত্র মহাসচিব পদপ্রার্থী কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। বিওএর বিদায়ী সভাপতির কোটায় তিনি কাউন্সিলর হয়েছেন। শাহেদ রেজা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখই। ১১ বছর বিওএর সদস্য ছিলেন। ১৪ বছর ধরে হ্যান্ডবল ফেডারেশনের সদস্য। তায়কোয়ান্দো ফেডারেশনের প্রতিষ্ঠাতা সহসভাপতি, গলফের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, সাঁতারের সদস্য ছিলেন। এশিয়ান অলিম্পিক কমিটির (ওসিএ) আন্তর্জাতিক কমিটির সদস্য এখন। এর বাইরে প্রয়াত শেখ কামালের বন্ধু বলেও তাঁর পরিচিতি রয়েছে।বিওএর নির্বাচন করতেই কদিন আগে কুয়েত থেকে ঢাকায় এসেছেন। নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষে কুয়েতে ফিরে যাবেন। আগামী মে মাস পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে তাঁর মেয়াদ আছে। তাহলে এই সময়টা কীভাবে অলিম্পিকের কাজ করবেন?প্রশ্ন করতেই ত্বরিত সমাধান দিলেন, ‘এটা কোনো সমস্যাই নয়। প্রযুক্তির এই যুগে কাজ চালিয়ে নেওয়া খুবই সহজ ব্যাপার। নিয়মিত যোগাযোগ রাখব, কথা হবে। প্রয়োজনে আমি সভায় উপস্থিত হতে কুয়েত থেকে চলে আসব। মাত্র তো পাঁচ ঘণ্টার ব্যাপার।’কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে শাহেদ রেজার প্রাথমিক নিয়োগ ছিল তিন বছরের। সরকার আরও দুই বছর বাড়াতে চাইলেও তিনি এক বছর মেয়াদ বাড়িয়েছেন। বিওএর মহাসচিব পদে নির্বাচন করার ইচ্ছা কেন হলো? তাঁর উত্তর, ‘আমি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত আছি অনেক দিন। এ ক্ষেত্রে সবাই চেয়েছে এই পদে আমি নির্বাচন করি। তাই নির্বাচন করার উদ্যোগ নিয়েছি।’শোনা যায়, সরকারের আশীর্বাদ নিয়েই এই পদে এসেছেন শাহেদ রেজা। এ ক্ষেত্রে সরকার তাঁকে পছন্দ করেছে, নাকি তিনি নিজেই আগ্রহী হয়েছেন প্রথমে? এমন কৌতূহল অনেকেরই। একটা প্রাসঙ্গিক প্রশ্নও আসছে—সরকার প্রার্থী মনোনয়নে ভূমিকা রাখবে কেন? ‘আমিই আগ্রহী হয়েছি। তারপর সরকারের অনুমতি নিয়েছি। কারণ, রাষ্ট্রদূতের পদে থেকে এমন একটা নির্বাচন করতে গেলে সরকারের অনুমতি লাগবেই’—যোগ করেছেন শাহেদ রেজা।রাষ্ট্রদূত থাকাকালে এমন নির্বাচন করা যায় কি না, আইন কী বলে, এসব নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। তবে শাহেদ রেজা এটাকে কোনো সমস্যাই দেখছেন না, ‘সেনাপ্রধানও তো সভাপতি পদে নির্বাচন করছেন। সরকারি অনেক কর্মকর্তা বিভিন্ন ফেডারেশনে আছেন। বিওএর পদে কোনো সম্মানী নেই। কাজেই বিওএর এই নির্বাচন করতেই পারি আমি।’আইনগত বাধা নেই বলছেন সবাই। কিন্তু পরোক্ষে ‘সরকারের প্রতিনিধি’র বিপক্ষে প্রতিদ্বন্দ্বীর অভাব নির্বাচনটাকে ‘নির্বাচন’ হতে দিল কই। বিওএর বিদায়ী কমিটির সহসভাপতি ও এই নির্বাচনেও একই পদে প্রার্থী হওয়া মিজানুর রহমান বললেন, ‘নির্বাচন উন্মুক্ত, কাউন্সিলরদের মধ্যে যে কেউ নির্বাচন করতে পারেন।’উন্মুক্ত যতই হোক, সভাপতি পদটা শুরু থেকেই একপেশে। এবার মহাসচিব নির্বাচনও একই রকম হলো।