রাসেল চায় ‘ডাবল’, জামাল বদলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানে হেডফোন। চুলে মারিও বালোতেল্লির ছাঁট। ধানমন্ডির ক্লাব মাঠে অন্যরা যখন হলুদ জার্সি গায়ে অনুশীলন করছিলেন, আলফ্রেড ইমোইফের গায়ে চাপানো একটা বাড়তি সবুজ জ্যাকেট। ক্লাবের অন্যদের চেয়ে নিজেকে একটু আলাদা ভাবতেই পারেন শেখ জামাল ধানমন্ডির নাইজেরিয়ান ফরোয়ার্ড। স্বাধীনতা কাপ ফুটবলেই প্রথম খেলছেন জামালের হয়ে। এসেই সব আলো টেনে নিয়েছেন নিজের দিকে। এরই মধ্যে ৪ ম্যাচে করেছেন ৭ গোল। আছেন দুর্দান্ত ফর্মে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে যখন শেখ রাসেলের মুখোমুখি হবে শেখ জামাল, নিশ্চয়ই তিনি হবেন দলের বড় ভরসা।রাসেলের সঙ্গে পুরোনো একটা হিসাব চুকানোর আছে জামালের। ফেডারেশন কাপের গত আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ‘দুই ভাই’। এক গোলে এগিয়ে থাকা শেখ জামাল যখন জয়োৎসবের অপেক্ষায়, ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিটে দুটি গোল করে ম্যাচ জিতে যায় শেখ রাসেল। সেই দুঃস্মৃতিটা কাল আর মনে করতে চাইলেন না জামালের কোচ যোসেফ আপুসি, ‘ওসব এখন অতীত।’ আর শেখ রাসেলের কোচ মারুফুল হকের মাথায় ‘ডাবল’-এর ভাবনা। যে স্বপ্ন নিয়ে এবার দল গড়া, সেই স্বপ্নেরই অনুগামী দলটি। ফেডারেশন কাপ জিতে মৌসুম শুরু। লিগেরও শিরোপা-দৌড়ে। ২৬ পয়েন্ট নিয়ে আবাহনীর পর দ্বিতীয় স্থানে তারা। স্বাধীনতা কাপের ট্রফি থেকে মাত্র একটি জয় দূরে।ফাইনালে মারুফের তুরুপের তাস হাইতিয়ান প্লে-মেকার সনি নর্দে। তাঁর পাশে মামুনুল। আক্রমণভাগের প্রাণ এমিলি-মিঠুন। এই মৌসুমে লিগে দুই দলের ম্যাচটি ছিল গোলশূন্য। তার পরও শেখ জামালকে সমীহই করছেন মারুফ। তবে কণ্ঠে তাঁর আত্মবিশ্বাস, ‘শেখ জামাল আমাদের জন্য সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তাই বলে ওরা দুর্জেয় না। গত ফেডারেশন কাপে এই দলটাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলাম। আশা করি, আগামীকালও ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হব।’ শেখ জামালের শক্তির দিক রক্ষণভাগ। তবে নাসির-ইয়ামিন-হাসান আল মামুন-অরূপ বৈদ্য—এই চতুর্ভুজকে ভয় পাচ্ছেন না মারুফ, ‘এসব নিয়ে ভাবছি না। আমার হাতে যে অস্ত্র আছে সেগুলোর দিকেই মনোযোগ থাকবে বেশি।’ তবে শেখ জামালের কোচ যোসেফ আপুসিও করেছেন লড়াইয়ের অঙ্গীকার, ‘আমার একমাত্র প্রত্যাশা অলআউট খেলা। আমার হাতেও ম্যাচ জেতার মতো যথেষ্ট ভালো খেলোয়াড় আছে। তার পরও এই ম্যাচটা যে কেউ জিততে পারে। এখানে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। মৌসুমের মাঝপথে একটা শিরোপার খুব দরকার।’ শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এই শিরোপাটা জিততে চাইছেন খুব করে, ‘আমাদের সবার চিন্তা-চেতনায় একটাই শব্দ, চ্যাম্পিয়ন। স্বাধীনতা কাপটাও যদি রাসেলকে উপহার দিতে পারি, সেটা আমার ক্যারিয়ারের জন্য বিশাল ব্যাপার হবে। আমি জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।’বিদেশি খেলোয়াড়-নির্ভর শেখ জামালের মূল অস্ত্র দুই ফরোয়ার্ড সানডে ও আলফ্রেড। চোটের কারণে এই টুর্নামেন্টে খেলছেন না প্রধান গোলরক্ষক মোস্তাক। তবে দ্বিতীয় গোলরক্ষক সুলতান কোচের আস্থার প্রতিদান দিচ্ছেন ভালোই। অধিনায়ক আরিফুল ইসলামের কথা, ‘আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। ফাইনালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’দর্শক-খরায় ভুগছে ফুটবল। সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। মাঠে দর্শক টানতে তাই লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে বাফুফে। কিন্তু এটা সত্যি, যোগ্যতর দল হিসেবেই ফাইনালে শেখ রাসেল ও শেখ জামাল। তবে উপহারের লোভে নয়, জমজমাট একটা ম্যাচ দেখতেই আজ যেতে পারেন মাঠে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টায়