রাসেল যখন স্পিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদ ফতুল্লার উইকেট! স্পিন সহায়ক এই উইকেট কাল নতুন এক স্পিনার উপহার দিল! আসল পরিচয় পেসার। টেস্ট ও ওয়ানডেও খেলেছেন পেসারের ভূমিকাতেই। কিন্তু ফতুল্লায় দলের চাহিদা পূরণে সৈয়দ রাসেল হয়ে গেলেন স্পিনার। ক্যারিয়ারে প্রথমবারের মতো।১৭০ রানে সাদাকালোরা গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে নেমে শুরু থেকেই আবাহনীর বিরুদ্ধে স্পিন আক্রমণ। ওভার কুড়ি পর বাঁহাতি রাসেল দুই ওভার পেস বোলিং করে ১২-১৩ রান দিলেন। কিন্তু পুঁজি যখন অল্প এবং স্পিনাররা সুবিধা পাচ্ছেন উইকেট থেকে, তখন ৩৪তম ওভারে এসে ভূমিকা পাল্টাতে হলো রাসেলকে। হঠাৎ কী মনে করে স্পিন বোলিং? রাসেলের কাছে এটা পরিস্থিতির দাবি মেটানো, ‘ওই সময়টা অধিনায়ক নাঈম সম্ভবত মাঠের বাইরে ছিল। তখন তান্না বলল, “দোস্ত স্পিন কর।” ব্যস, শুরু করে দিলাম।’৭.৪ ওভারে ৪১ রান দিয়েছেন। প্রথম দুই ওভার বাদে বাকিটা স্পিন। তিন ওভার ছিল পাওয়ার প্লেতে। এর মধ্যে উইকেট তুলেছেন একটি। টার্ন করিয়ে ব্যাটের কানা নিয়ে স্লিপে ক্যাচ বানিয়েছেন আবাহনীর ছয় নম্বর ব্যাটসম্যান রেশমি রঞ্জনকে। ‘সবাই বেশ বাহবা দিয়েছে। মজা পেয়েছি হঠাৎ স্পিন বোলিং করে’—স্পিন নিয়ে বলতে গিয়েও মজা পেলেন রাসেল।