রাসেল স্মরণে টিটি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিসের সূতিকাগার নড়াইল থেকে এসেছে সাদিয়া রহমান মৌ, সামান্তা হোসেন টুসি ও ফারিয়া জামান প্রীতি। নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা খেলছে গতকাল শুরু হওয়া শেখ রাসেল স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে দেশের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬০ জন খেলোয়াড় নিয়ে এই আয়োজন করছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চার দিনের টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

টুর্নামেন্ট ঘিরে পল্টনের উডেনফ্লোর জিমনেসিয়াম উৎসবে রূপ নিয়েছে, মেলা বসেছে কচিকাঁচার। কোর্টে এক দল খেলছে, গ্যালারি থেকে উৎসাহ জোগাচ্ছে আরেক দল। বিভিন্ন স্কুলের পরীক্ষার জন্য খেলোয়াড় অবশ্য প্রত্যাশার চেয়ে কম এসেছে। তবু উত্তরার ডিপিএস এসটিএস স্কুল থেকে ১৭ জন এনেছেন টেবিল টেনিস খেলোয়াড় সীমা দেবনাথ। খেলা ছেড়ে স্কুলের শিক্ষকতা বেছে নেওয়া সীমা বললেন, ‘এটি প্রশংসনীয় উদ্যোগ। শিশু-কিশোরেরা বছরে এমন আরও টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে উৎসাহ পাবে।’

প্রথমবারের মতো ইনডোরে খেলে খুশি বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র উসে সাইন মারমা, ‘এত দিন স্কুলে অনুশীলন করেছি। এবার ঢাকায় খেলতে পেরে ভীষণ ভালো লাগছে।’ নবীনদের এই আগ্রহ কাজে লাগানোর কথা বললেন টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব এনায়েত হোসেন মারুফ, ‘প্রতিবছরই আমরা টুর্নামেন্টটা করব, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই।’