রাসেলকে আঘাত দিলেন তপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান দলটা যেন এক ধাঁধার নাম। কখন কী করবে বোঝা কঠিন। কদিন আগেই মুক্তিযোদ্ধা, ব্রাদার্সের কাছে ৪-১ ব্যবধানে উড়ে গিয়েছিল সাদা-কালোরা। সেই দলই কাল আবার ঘুম থেকে জেগে শিরোপাপ্রত্যাশী শেখ রাসেলকে এই লিগে হারিয়ে দিল দ্বিতীয়বারের মতো। প্রথম পর্বে মোহামেডানের কাছে শেখ রাসেল চূর্ণ হয়েছিল ৩-১ গোলে। রাসেলের গোলটা ছিল শেষ মিনিটে। কাল ব্যবধান ১-০ হলেও মোহামেডান দাপটেই খেলেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।জয়সূচক গোলদাতা ডিফেন্ডার তপু বর্মণের প্রথম গোল এটি বাংলাদেশ লিগে। ৫৩ মিনিটে মারুফের ফ্রি-কিক শেখ রাসেলের রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন তপু।গত ম্যাচে বিজেএমসির বিপক্ষে দুই গোলে পিছিয়ে শেষ পর্যন্ত রাসেল জয় ছিনিয়েছে ৪-৩ গোলে। দলের প্রাণভোমরা সনি নর্দে করেন দুই গোল, রাসেলের ত্রাতা ছিলেন হাইতিয়ান এই প্লে-মেকারই। কাল আর তিনি পারলেন না।এদিন নর্দেকে কড়া পাহারায় রেখে আগাগোড়া কৌশুলি ফুটবল খেলে গেছে মোহামেডান। মোহামেডান তাঁকে ফাঁকা জমিনটা দেয়নি। নর্দে তবুও বার কয়েক ড্রিবলিং করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দিনটা আসলে তাঁর যেমন ছিল না, ছিল না রাসেলেরও।এ ম্যাচে পেছন থেকে রাসেলের ফরোয়ার্ডদের কাছে বল যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল মোহামেডান। এটা নিয়ে মোহামেডান কোচ সাইফুল বারী কাজ করেছেন অনুশীলনে, ফসল তুললেন সেটিরই। মোহামেডানের উইং প্লেটা কাল আবার ফিরে এসেছে। তরুণ উইংগার সোহেল রানা বেশ সক্রিয় ছিলেন মাঠে। আক্রমণ তৈরি করেছেন, তবে যথারীতি ঘানাইয়ান স্ট্রাইকার মরিসন এদিনও সহজ সুযোগ হেলায় হারিয়েছেন, তপুর গোল সেই ব্যর্থতা ঢেকে দিয়েছে।এমন ম্যাচে যে দল বেশি পরিশ্রম করবে, জয় তাদেরই। রাসেল সর্বোচ্চ পরিশ্রম করে খেলতে পারেনি, যেটা পেরেছে মোহামেডান। রাসেলের জোনাল মার্কিংও ঠিক হয়নি। দলটা পাসিং ফুটবল খেলে অভ্যস্ত, এদিন সেটিও তেমন ছিল না। উপরন্তু শেষ মিনিটে গোলের সহজ সুযোগ হারিয়েছেন মিঠুন। এই হারটা শেখ রাসেলের জন্য বড় এক সতর্কবার্তা। লিগ লড়াইয়ে সবার ওপরে থাকার সুযোগও এতে হাতছাড়া। ১০ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া রাসেল তৃতীয় স্থানে। শীর্ষে ওঠা শেখ জামালের পয়েন্ট ১১ ম্যাচে ২৫। ২৪ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয়। দুই ম্যাচ পর জয় পাওয়া মোহামেডান চারে (১৬)।