রাসেলকে জিততে দেননি ইব্রাহিম
‘নাটকীয় ড্র’, ‘রুদ্ধশ্বাস ড্র’, ‘অবিশ্বাস্য ড্র’—শব্দগুলো ক্লিশে হয়ে গেছে। শেষ মিনিটে গোল, ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল—ফুটবল এসব আকছারই দেখে। তার পরও বারবার ফিরে আসে নাটকীয়তা।ক্রিকেট যেমন শেষ বলে ছক্কা মেরে জয় ছিনিয়ে নিতে দেখে, বৃষ্টিস্নাত কালকের বঙ্গবন্ধু স্টেডিয়াম সম্ভবত তার চেয়েও বেশি নাটকীয়তা দেখল। ১২ মিনিটে মিঠুনের আলতো টোকায় এগিয়ে গেল শেখ রাসেল। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, অতিরিক্ত ৬ মিনিটও প্রায় শেষ। ৮-১০ সেকেন্ড পরই হয়তো শেষ বাঁশিটা বাজত। এমন সময় গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটা ড্র করে ফেলল আবাহনী। আকাশি-নীলের নায়ক ইব্রাহিম সমতাসূচক গোলটা করেছেন ‘বুদ্ধিদীপ্ত’ এক ব্যাকহিলে। মিশুর কর্নারে ফ্রাঙ্কের হেডে বল পড়ল ইব্রাহিমের পায়ে। নিজের পোস্টের দিকে চোখ রেখে ব্যাকহিলে করলেন ওই রোমাঞ্চকর গোল। শোকে শ্মশান হয়ে পড়া আবাহনী শিবিরে জেগে উঠল প্রাণ।এমনটা হবে নাই-বা কেন! এই গোলের মাহাত্ম্য যে অনেক। প্রথমত, আবাহনী লিগ শিরোপা-স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। দ্বিতীয়ত, শেখ রাসেলকে শিরোপা লড়াইয়ে এগিয়ে যেতে দেয়নি।এই অবসরে লিগের উন্মুক্ত চেহারাটা একবার দেখে নিন। ১৩ ম্যাচে আবাহনীর ২৮ পয়েন্ট। ১২ ম্যাচে শেখ রাসেল ২৬, জামাল ২৫। ১৬ ম্যাচের লিগে ঘটতে পারে অনেক কিছুই। শেষ পর্যন্ত কারা হাসবে, সেই কৌতূহল আরও বাড়ল।যুযুধান দুই প্রতিপক্ষ কালকের ম্যাচটাকে যেভাবে ‘ফাইনাল’ বলছিল, ফাইনালের মতোই উত্তেজনা ছড়িয়েছে মাঠের খেলাটা। তবে দেখার জন্য তা যতটা আকর্ষণীয় হতে পারত, হতে পারেনি শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির থাবায়। উপরন্তু সৌন্দর্যহানি ঘটালেন রেফারি মিজানুর রহমান। বৃষ্টিভেজা মাঠে কার্ড ব্যবহারে ছিলেন কৃপণ। দ্বিতীয় হলুদ কার্ড অবধারিত ছিল আবাহনীর ফ্রাঙ্কের, দেননি। ইব্রাহিম বক্সে অবৈধ বাধা পেলেও আবাহনীর ন্যায্য পেনাল্টি এড়িয়ে গেছেন। এমনকি এ ম্যাচে অতিরিক্ত ৬ মিনিট দেওয়ার মতো ঘটনাও ঘটেনি।চোটগ্রস্ত দুই স্ট্রাইকার বুকোলা-এমিলিকে ছাড়াই কাল আবাহনীর ওপর প্রাধান্য নিয়ে খেলল রাসেল। তাদের জিততে দেয়নি স্রেফ দুর্ভাগ্য। শুধু গোলরক্ষককে সামনে পেয়েও সনি নর্দে ২-০ করে ফেলতে পারলে হয়তো ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারত। সেটি না হওয়ার দায় রাসেলেরই। তবে বুকোলা-এমিলিকে ছাড়া খেলতে হওয়ায় কিছু পরিবর্তন আনতেই হয়েছে দলে। পেতরিচের সঙ্গে এদিন রক্ষণে আব্বাস ইউনুসাকে জুড়ে দেন কোচ। হোল্ডিং মিডফিল্ডার ছিলেন শুধু মামুনুল। প্লে-মেকার সনি নর্দেকে কোচ মাঝমাঠ থেকে সরিয়ে খেলান বাঁ পাশে। বাঁ পাশে সরে কড়া নজরদারিতে পড়েন সনি। যদিও আবাহনীর রক্ষণকে ঠিকই ঘোল খাইয়েছেন হাইতির তরুণ। রাসেলের খেলোয়াড়েরা বল নিয়েই ঠেলেছেন সনির পায়ে। সনি কয়েকটা বল তৈরি করে দেন জাহিদকে। কিন্তু জাহিদ গোল করতে পারেননি। শেষ দিকের আক্রমণাত্মক কৌশলটা বেশ কাজে লাগল আবাহনীর। গোলের জন্য এনামুল, তৌহিদকে নামান কোচ। এরই মধ্যে ইয়াকু নষ্ট করেন সহজ সুযোগ। কিন্তু ‘হারের আগে হারব না’ মানসিকতাই আবাহনীকে দিয়েছে ড্রয়ের আনন্দ!