কর্নার কিক নিলেন মামুনুল। গোলের জন্য ওত পেতে থাকা জাহিদ হাসান এমিলির দুরন্ত এক হেড। গো-ল!ক্যারিয়ারে অনেক গোলই করেছেন এমিলি। কিন্তু কাল সন্ধ্যায় অগ্নিগর্ভ বঙ্গবন্ধু স্টেডিয়ামে করা তাঁর এ গোলটি মহামূল্যবান। ৫৮ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা শেখ রাসেল নাটকীয়ভাবে শেষ মিনিটে জিতে গেল এমিলির গোলে (২-১)। প্রথমবারের মতো উঠে গেল ফেডারেশন কাপের ফাইনালে। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারল মোহামেডান। তা-ও ৭৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া শেখ রাসেলের কাছে! নতুন শক্তির কাছে হারল ঐতিহ্য!শেখ রাসেলের জন্য এটা সত্যিই অবিশ্বাস্য এক জয়। রুদ্ধশ্বাস উত্তেজনা, পুরোনো দিনের জমাট ফুটবল আবহ, ম্যাচের পর সমর্থকদের হাতে মোহামেডান কোচ সাইফুল বারীর লাঞ্ছিত হওয়া, কী ছিল না ফেড কাপের এই স্মরণীয় সেমিফাইনালে! ৫৯ মিনিটে যিনি শেখ রাসেলকে সমতাসূচক গোলটি এনে দিতে বড় ভূমিকা রাখলেন, সেই উইঙ্গার জাহিদ হোসেন মেজাজ হারিয়ে অহেতুক ৭৬ মিনিটে দেখলেন লাল কার্ড। মোহামেডানের সোহেল রানাকে ফাউল করেছিলেন মামুনুল, তারপর সোহেলের গায়ে বল মেরে দেন জাহিদ। মাথা গরম জাহিদের এতে জোটে দ্বিতীয় হলুদ কার্ড, অর্থাৎ মার্চিং অর্ডার।অথচ এই জাহিদই দারুণ এক মাইনাসে সমতাসূচক গোলটি করিয়েছেন মরোক্কান আবুল কাশেমকে দিয়ে। ভুলটা মোহামেডান রক্ষণের। বক্সে ইয়াসিন বল ক্লিয়ার করতে পারেননি, সেই সুযোগই নিয়েছেন জাহিদ। পরপরই তাঁর অসাধারণ একটি শট ফিরে আসে মোহামেডানের ক্রসবারে লেগে। সেই জাহিদই নায়ক থেকে যখন খলনায়ক হয়ে মাঠ ছাড়ছেন, ১০ জনের শেখ রাসেল মানসিকভাবে বিপর্যস্ত। তা থেকে দলকে বের করে আনলেন বেনিনের মিডফিল্ডার সনি নর্দে, জাহিদের জায়গায় ম্যাচসেরার পুরস্কারটা ছিনিয়ে নিয়েছেন তিনিই।কিন্তু ১০ জন হয়েও জেতার আশা ছাড়েননি শেখ রাসেল অধিনায়ক বিপ্লব। ম্যাচের পর ভিড়ের মধ্যে হাঁফাতে হাঁফাতে বললেন, ‘কখনোই ভাবিনি হারব। আমরা হারিনি।’ ততক্ষণে গোটা রাসেল শিবিরে আনন্দনৃত্য চলছে।১০ জনের রাসেলের বিপক্ষে জিততে মোহামেডান চেয়েছিল আক্রমণে লোক বাড়াতে। রবিনকে মাঠে নামান কোচ সাইফুল বারী। কিন্তু ১০ জনের দল হলেও শেখ রাসেল এগিয়ে থাকে বল পজেশনে। জাহিদ-কাণ্ডে বন্ধ থাকা নয় মিনিট খেলা পরে যখন যোগ করেন রেফারি, তখনই শেষ মুহূর্তে মামুনুলের কর্নারে এমিলি থাকলেন অরক্ষিত। মার্কার শরিফুল আটকাতে পারেননি তাঁকে। দুর্দান্ত হেডে গোল করেই সেই এমিলি চলে গেলেন সতীর্থদের বাহুবন্ধনে।খারাপ সময় পেছনে ফেলে এই ফেডারেশন কাপে একটি হ্যাটট্রিকসহ পাঁচ ম্যাচে করলেন ছয় গোল। নিজেকে ফিরে পেয়ে সদ্য বিবাহিত তরুণ আনন্দে আত্মহারা, ‘আত্মবিশ্বাস ছিল, গোল পাবই। চেষ্টা করে গেছি। সেই ফলই পেলাম।’ম্যাচের শুরুটা ছিল অবশ্য মোহামেডানময়। সপ্তম মিনিটেই ম্যাচ গোল দেখে, আসলেই দেখার মতো গোল। ঘানাইয়ান মিডফিল্ডার মোস্তফা ইব্রাহিমের ডিফেন্স চেরা এক থ্রু, দারুণ শটে শেখ রাসেলের জালে পাঠান তাঁরই স্বদেশি স্ট্রাইকার মরিসন।তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলার চেষ্টায় সফল হতে পারেনি মোহামেডান। তবে তারা খেলছিল উজ্জীবিত ফুটবল। আস্তে আস্তে পিছিয়ে পড়ল বল পজেশনে। শেখ রাসেলের টিমওয়ার্ক, গতি, সবকিছুর কাছে শেষতক আত্মসমর্পণই করলেও মোহামেডানের এই হার গ্লানিহীন এবং বাহবা পাওয়ার যোগ্য। ম্যাচের পর মাঠজুড়ে বিশৃঙ্খলার মধ্যে শেখ রাসেলের কোচ মারুফুল হক ‘আমরা পাসিং ফুটবল খেলতে চেয়েছিলাম’ বলার পরে এলেন জাহিদ প্রসঙ্গে—‘বিরতির সময় ওকে উদ্বুদ্ধ করেছিলাম।’ লাল কার্ড প্রসঙ্গে জানালেন ক্ষোভ, ‘ফাউল করল মামুনুল, আর লাল কার্ড দেখানো হলো জাহিদকে। এটা অন্যায়।’ন্যায়-অন্যায় ম্যাচ শেষে আর মনে রাখেনি শেখ রাসেল। এই রাত তো দলটির ইতিহাসে প্রথম শিরোপার দুয়ার খুলে দিয়েছে!