রাসেলকে হারিয়ে দিলেন রোহিত
শেন ওয়ার্ন কিছুদিন আগে বলেছেন, ভারতীয় ক্রিকেটের ‘পরের সবচেয়ে বড় ঘটনাটি’র নাম রোহিত শর্মা। এই তো সেদিন, দ্বিতীয় ওয়ানডের দিন সুনীল গাভাস্কারের কণ্ঠে ছিল আক্ষেপ, ‘ভারতীয় ক্রিকেটের এই সুসময়ে সবচেয়ে বড় দুঃখ হয়তো রোহিতের ফুল হয়ে ফুটতে না পারা।’ সঞ্জয় মাঞ্জরেকারের কলামেও ছিল একই আক্ষেপ। হর্ষ ভোগলের টুইট, ‘নিজের সঙ্গে যুদ্ধে জিতেছেন বিরাট কোহলি, রোহিত পারবেন?’হর্ষ ভোগলের জিজ্ঞাসার জবাব দেবে সময়। তবে রোহিতের ব্যাটে পাওয়া যাচ্ছে প্রত্যাশা পূরণের ইঙ্গিত। অপরাজিত ৮৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে পরশু প্রায় হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া জয় ছিনিয়ে আনলেন। বিফলে গেল আন্দ্রে রাসেলের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য। দ্বিতীয় সারির দল নিয়েও ভারত ৫ ম্যাচের সিরিজ জিতে নিল প্রথম ৩ ম্যাচেই। নতুন কোচ ডানকান ফ্লেচার তো রায়ই দিয়ে দিয়েছেন, ‘আগামী ৫-১০ বছর ক্রিকেট-বিশ্বকে শাসন করার সামর্থ্য আছে ভারতের।’ ২০০৮ সালের এপ্রিলের পর টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজের ২২৫ রানের ইনিংসটা গড়ে উঠেছিল মূলত তিনটি জুটিতে। কার্ক এডওয়ার্ডসকে শূন্য রানে হারানোর পর দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন সিমন্স ও সারওয়ান। এরপর হঠাৎই মড়ক, ৩১ রানের মধ্যে নেই ৭ উইকেট। ধ্বংসস্তূপে প্রতিরোধ গড়ে তোলেন রাসেল-বাফ। অষ্টম উইকেট জুটিতে ওঠে ৭৮ রান। পায়ের নিচে কিছুটা জমি পেয়ে উল্টো ধ্বংসযজ্ঞ চালান রাসেল। ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেলেন ৫০ বলে, পরের ৪২ রান করেন ১৪ বলে! শেষ ৩ ওভারে উইন্ডিজ তোলে ৪৭।ভারতের ইনিংসটা এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের পথেই। ২ উইকেট ৬০ থেকে হয়ে যায় ৬ উইকেটে ৯২। দাঁড়িয়ে যান রোহিত। সপ্তম উইকেট হরভজনকে (৪১) নিয়ে ৮৮ রানের জুটি, অষ্টম উইকেটে প্রাভিন কুমারের (১৫ বলে ২৫*) সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় আসে ২২ বল আগেই। সিনিয়রদের অনুপস্থিতিতে এই সিরিজটা ছিল রোহিতের জন্য বড় একটা সুযোগ। তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ ছিল থিতু হয়ে উইকেট ছুড়ে আসা। বদলে যাওয়ার প্রমাণটা ভালোই দিচ্ছেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। পরশুর আগে সিরিজের প্রথম ম্যাচেও অপরাজিত ৬৮ করে জিতিয়েছিলেন দলকে। এই সিরিজে এখনো আউট হননি!ম্যাচসেরা অবশ্য রাসেল। ছোট্ট ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই দলীয় সমন্বয়ের কারণে বাইরে থাকতে হয়েছে। কিন্তু তাঁর মাঝে অমিত সম্ভাবনা দেখছেন অনেকেই। সীমিত সুযোগে সম্ভাবনার প্রমাণও দিয়েছেন জ্যামাইকান অলরাউন্ডার। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট, ব্যাটিংয়ে ৪৬ বলে ৪৯ রান। পরশু তো ৯ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডই (৯২*) গড়ে ফেললেন। এর আগে রেকর্ডটি ছিল ভারতের জেপি যাদবের (৬৯)।এই অন্ধকার সময়ে রাসেল-বিশুরাই এখন উইন্ডিজের জন্য আলোর রেখা। চতুর্থ ম্যাচ আজই অ্যান্টিগায়। ওয়েবসাইট।