রাসেলের জয়, আবাহনীর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগ—মৌসুমের তিনটি শিরোপা তাদের ঘরে। ইতিহাসে ঠাঁই করে নিতে সুপার কাপটাও শো-কেসে দেখতে চায় শেখ রাসেল। সেই ইচ্ছাপূরণের প্রথম সিঁড়িটা কাল তারা টপকাল দুর্বল ফেনী সকারকে ২-০ গোলে হারিয়ে। রাসেলের গোলদাতা নাহিদুল ও জাহিদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধার সঙ্গে।প্রিমিয়ার লিগটা যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু করল রাসেল। বিদেশি খেলোয়াড়দের নিয়ে লিগের শেষ ম্যাচে ফেনী সকারকে হারিয়েছিল ২-১ গোলে। কাল অবশ্য সনি নর্দে, তারিক আল জানাবি, বুকোলাদের অভাব খুব বেশি বুঝতে দেয়নি দলটি। এমিলি ও মিঠুন গোটা তিনেক সহজ সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধানটা হতে পারত আরও বড়।মাঠে নামার আগের রাসেলের উদ্বেগ চোট নিয়ে। কিন্তু খেলায় চোটের কোনো ছাপ পড়তে দেয়নি তারা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয় মামুনুলকে। কনুইয়ের চোট নিয়েও মাঝমাঠটা ভালোই আগলে রাখেন তিনি। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে জাহিদও দাপিয়ে খেলেছেন সারা মাঠে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা রাসেল ২০ মিনিটে প্রথম গোল পেতে পারত। কর্নার থেকে পাওয়া বলে এমিলির হেড গোললাইন থেকে বাঁচান ফেনী সকারের মওদুদ।প্রথম গোলের জন্য রাসেলকে অপেক্ষা করতে হয়েছে ৪৮ মিনিট পর্যন্ত। গোলটি অবশ্য ফেনীর উপহার। নাহিদুলের ক্রস ফেনীর ডিফেন্ডার শিমুলের গায়ে লেগে পোস্টের কোনা ছুঁয়ে ঢোকে জালে (১-০)। জাহিদ দলকে দ্বিতীয় গোল এনে দিয়েছেন প্রায় ২৫ গজি আচমকা এক শটে। জয়ে শুরু করতে পেরে খুশি শেখ রাসেল কোচ মারুফুল হক, ‘লম্বা বিরতির পর খেলতে নেমে ভালোই খেলেছে ছেলেরা। শুধু নতুনদের নিয়ে গড়া দলে কমিন্বেশনে একটু সমস্যা হয়েছে। আশা করি, পরের ম্যাচ থেকে সেটা কাটিয়ে উঠতে পারব।’ সুপার কাপের ১০টি ম্যাচ দেখবেন লোডভিক ডি ক্রুইফ। জাতীয় দলের কোচ কালকের দুটো ম্যাচই দেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পাশে বসে। চোটের কারণে সর্বশেষ জাতীয় দলে ছিলেন না জাহিদ হোসেন। কাল দুর্দান্ত এক গোল করে কি কোচের নজর কাড়লেন না? জাহিদের সরল উত্তর, ‘কোচ দেখলেন কি দেখলেন না, সেটা বড় কথা নয়। আমি দলের জন্য খেলেছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ এখন সেমিফাইনালেই চোখ রাখছেন রাসেলের এই উইঙ্গার, ‘আমাদের পরের ম্যাচ মুক্তিযোদ্ধার সঙ্গে। ওই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে চাই।’মাত্র চার দিনের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে পেরেই তৃপ্ত ফেনী সকার। কোচ মীর ফারুক স্বস্তি পাচ্ছেন দল বড় ব্যবধানে হারেনি বলে, ‘এমন বড় মাপের দলের কাছে এত কম ব্যবধানে হার খারাপ না।’ মুক্তিযোদ্ধার সঙ্গে ড্রয়ের পর হতাশ আবাহনীর কোচ অমলেশ সেন, ‘গোল করাতেই আমাদের বড় সমস্যা। রনির ইনজুরিতে সমস্যাটা বেড়েছে। তবে আমরা আশা ছাড়ছি না। আরও দুটি ম্যাচ আছে।’