রাসেলের জয়, মোহামেডানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মোহামেডানকে যেন শনির দশায় পেয়েছে! এগিয়ে গিয়েও ঘরে ফিরছে ড্রয়ের হতাশা নিয়ে। পরপর দুই ম্যাচে একই অবস্থা। কক্সবাজারে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে এগিয়ে থেকে গোল খেয়েছে ৮৬ মিনিটে। কাল ঢাকায় ফরাশগঞ্জের বিপক্ষে সমতাসূচক গোল হজম করে ৭৭ মিনিটে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচটা শেষ হলো ১-১-এ।মোহামেডানের মতো জিততে না পারার খেদ নেই শেখ রাসেলের। লিগের ফিরতি পর্বের প্রথম দুটি ম্যাচই তারা জিতল। কমলাপুর স্টেডিয়ামে কাল চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে জয় ২-১ গোলে। ১-১ অবস্থা থেকে জয়সূচক গোল পেয়েছে রাসেল ৮০ মিনিটে। গোলদাতা সেই ভিক্টর এডওয়ার্ড। কয়েক ম্যাচ আগে যোগ দিয়েই দলকে জিতিয়ে চলেছেন রুশ স্ট্রাইকার।মোহামেডানের জন্য এ রকম ত্রাতার ভূমিকায় দেখা দিতে পারতেন সানডে। কাল মোহামেডানকে এগিয়ে নেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। ৩৫ মিনিটে শরিফুলের ঠেলে দেওয়া বল বুদ্ধিদীপ্ত টোকায় পাঠান জালে। কিন্তু কঙ্গোর স্ট্রাইকার জোনাপিউর প্লেসিংয়ে ১-১ হয়ে যাওয়ার আগে-পরে এই সানডেই গোটা চারেক সুযোগ নষ্ট করেছেন। রুয়ান্ডান আমানি তো খালি পোস্ট পেয়েও বাইরে মেরেছেন। আনোয়ার, সাইদুলও একই পথের যাত্রী।তার পরও মোহামেডান ভালোই এগোচ্ছে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে সাদা-কালোরা। এবার দলীয় শক্তি অনুযায়ী এটাই ঢের! মোহামেডানের ওপরে থাকা শেখ রাসেলের পয়েন্ট ১৩ ম্যাচে ২৫। তবে কদিন আগেই রূপকথার মতো স্বাধীনতা কাপ জেতা ফরাশগঞ্জের অবস্থান একেবারের নিচের দিকে। ১৩ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম স্থানে।ফরাশগঞ্জের খেলায় স্বাধীনতা কাপের সেই গতি আর কৌশল উধাও। কাল উল্টো মাথা গরম করে খেলেছে দলটি। সমতাসূচক গোলদাতা জোনাপিউ মারতে গেলেন মোহামেডানের খেলোয়াড়কে। তাঁকে উত্ত্যক্ত করেছেন মোহামেডানের আনোয়ার। এ নিয়ে হাতাহাতির উপক্রম। ভাগ্য ভালো, বড় কোনো ঝামেলা হয়নি। রেফারি দুটি হলুদ কার্ড দেখিয়েই পরিস্থিতি সামলেছেন।মোহামেডান রক্ষণাত্মক হয়ে পড়ার সুযোগ নিয়ে ১-১ করে ছিল ফরাশগঞ্জ। এই গোলের সময় মোহামেডানের আমানি মাটিতে পড়ে ছিল। তা দেখেই থ্রো করেছিল মোহামেডান। কিন্তু ফরাশগঞ্জ খেলা চালিয়ে গেল এবং রেফারিও খেলা বন্ধ করলেন না। ভাসানীর থ্রো থেকে কালু জনসনের ব্যাক হেড। জোনাপিউর টোকায় বল জালে।মোহামেডান কোচ শফিকুল ইসলামের অভিযোগ, ‘আমাদের একজন খেলোয়াড় মাটিতে পড়ে থাকায় আমরা থ্রো করলাম। কিন্তু খেলা বন্ধ না করে রেফারি কী করে চালিয়ে গেলেন! ফ্লেয়ার প্লে না মানলে তাহলে আইনটি রাখার দরকার কী? ফরাশগঞ্জর কোচ কামাল বাবুর যুক্তি, ‘ফেয়ার প্লের দোহাই দিয়ে আমরা গোল করব না এটা কেমন কথা!’রেফারি আবদুল হান্নানও ছিলেন আলোচনায়। মোহামেডানের একটা পেনাল্টির জোরালো দাবি উপেক্ষা করেছেন খেলার শেষ মুহূর্তে। ফরাশগঞ্জ বক্সে উড়ে আসা ক্রস হেডের অভিনয় করে হাত দিয়ে ফেরান মোজেস। মোহামেডান তাই ক্ষুব্ধ ছিল ম্যাচের পর।