রাসেলের প্রথম জামালের দ্বিতীয়
এক সপ্তাহ আগেই গ্রুপ পর্বে দেখা দুই দলের। সেটি ছিল ফেডারেশন কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এবার মুখোমুখি সেমিফাইনালে। হারলেই বিদায়, জিতলে মৌসুমসূচক টুর্নামেন্টের ফাইনালে। ফাইনাল দূরে থাক, শেখ রাসেল আগে কখনো এই টুর্নামেন্টের সেমিফাইনালেই খেলেনি। আজ আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডির মুখোমুখি হওয়াটা শেখ রাসেলের জন্য নতুন ইতিহাস।গত লিগে দুই দলের লড়াইয়ে জামাল এক ম্যাচ জিতেছে, অন্যটি ড্র। তৃতীয় ম্যাচে জামালকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি আজ সঙ্গী রাসেলের। কার্ড সমস্যা কাটিয়ে রাসেলের হয়ে ফিরছেন গোলশিকারি বুকোলা। তবে গতবারের ফাইনালিস্ট শেখ জামাল আগের পরাজয়ে কাতর নয়। বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠতে মরিয়া।কার্ড সমস্যায় জামাল আজ পাচ্ছে না ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইয়েকুকে। তাই ছকে আসতে পারে পরিবর্তন। আবাহনীর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জামাল খেলেছে ৪-২-৩-১ ছকে। দুই গোল করা অ্যালান ছিলেন ওপরে। আজ ওপরে থাকতে পারেন ক্রেসপো। মাঝমাঠে ফেমি ও কমলকে দুই পাশে রেখে মাঝখানে অ্যালান।জামাল কখনো ৪-৪-২ ছকেও খেলেছে এই টুর্নামেন্টে। পজেশনাল ফুটবলের সঙ্গে ‘হিট অ্যান্ড রান’ কৌশলটা শেখ রাসেল কোচ মারুফুল হকের বেশ প্রিয়। শেখ জামালের খেলায়ও থাকে এই দর্শন। দুই দলের খেলায় আসলে অনেক মিল।তবে একটা জায়গায় জামাল কোচ সাইফুল বারীর অতৃপ্তি, ‘আমাদের বল নিয়ন্ত্রণ ভালো হচ্ছে না।’ রাসেল কোচ মারুফ বলছেন, ‘খেলায় ধারাবাহিকতা রাখা যাচ্ছে না।’দেশসেরা দুই গোলরক্ষক আমিনুল-বিপ্লবেরও লড়াই এটি। দুজন দুই দলের অধিনায়কও। শেখ রাসেল গোলরক্ষক বিপ্লবের কথা, ‘বল পজেশন রেখে আমরা খেলতে চাই।’ আমিনুলের ভাবনাও এক, ‘বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আমরা খেলব। এটাই আমাদের খেলার মূলমন্ত্র।’দুটি দল যখন সামর্থ্য, দর্শন কিংবা লক্ষ্যের দিক দিয়ে একই বিন্দুতে মিলে যায়, বলা মুশকিল জয় কার হবে। এটি দেখার জন্য আজ বিকেলে বরং মাঠেই চোখ রাখা যাক।