গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি এবার লিগের প্রথম দুই ম্যাচেই ছিল অনুজ্জ্বল। ফেনী সকার ও রহমতগঞ্জের বিপক্ষে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছে। কিন্তু কাল দেখা গেল অন্য এক শেখ রাসেলকে। বুকোলার প্রাণবন্ত উপস্থিতি, মরো মোহাম্মদের সঙ্গে আনোয়ারের দারুণ বোঝাপড়া—সব মিলিয়ে কোচের প্রত্যাশামতোই সুন্দর ফুটবল খেলল দলটি। সুবাদে আরামবাগকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ নিল শেখ রাসেল।আগের দুই ম্যাচে প্রথমেই গোল খেয়ে বসা রাসেল কাল ছিল বেশ সতর্ক। ধীরে ধীরে খেলার গতি বাড়িয়েছে। প্রথম গোলটি এসেছে ৩৬ মিনিটে, ফয়সালের কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় পাওয়া বল ইউসুফ বাড়িয়ে দেন মরো মোহাম্মদকে। গড়ানো শটে বল জালে পাঠান মরোক্কান মিডফিল্ডার (১-০)। দ্বিতীয়ার্ধে গোল পেতে আরও মরিয়া রাসেলকে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল এনে দেন ইউসুফ। উৎস ছিলেন বুকোলা। এর দুই মিনিট পরই বুকোলার গোলে জয় নিশ্চিত হয়ে যায় রাসেলের। মাঝমাঠ থেকে আনোয়ারের থ্রু পাস ধরে দারুণ দক্ষতায় গোল করেছেন এই নাইজেরিয়ান। তিন গোল খেয়ে আরামবাগ নিয়মিত গোলরক্ষক বিষ্ণুকে বদলে মাঠে নামায় শাওনকে। শাওন অবশ্য ভালোই খেলেছেন, ৭৬ মিনিটে কর্নার করে বাঁচিয়েছেন নিশ্চিত একটি গোল। তৃতীয় ম্যাচে এসে পূর্ণ পয়েন্ট পাওয়া—দারুণ খুশি কোচ মারুফুল হক। জয়ের রহস্যটা জটিল কিছু নয়, ‘জমাট রক্ষণের বিপক্ষে গত দুই ম্যাচে ভালো খেলতে পারেনি ছেলেরা। গত সপ্তাহে এটি নিয়ে অনেক কাজ করা হয়েছে।’ প্রশংসা করেছেন বুকোলারও, ‘বুকোলা আজ (কাল) অনেক ভালো খেলেছে। আগামী ম্যাচেও আশা করি এই পারফরম্যান্স ধরে রাখবে।’ আরামবাগের কোচ শেখ জাহিদুর রহমান নিজেদের দুর্বলতার চেয়ে বেশি দুষেছেন রেফারিকে, ‘রেফারির মান নিয়ে প্রশ্ন আছে আমাদের। ম্যাচের দ্বিতীয় গোলটি পরিষ্কার অফসাইড ছিল। ছোটো দলগুলোর বিপক্ষে এমন সিদ্ধান্ত গেলে কীভাবে খেলব আমরা?’শেখ রাসেল: বিপ্লব, আমিনুল, উত্তম, ইয়ামিন, সানি (প্রদীপ), ফয়সাল, এমবা (ইমু), মরো মোহাম্মদ, আনোয়ার, ইউসুফ (বাবু), বুকোলা।আরামবাগ: বিষ্ণু (শাওন), দ্বীন মোহাম্মদ, ফয়সাল, ডালিম, কিংসলে, টুটুল, গুডউইন, মোসেস, পারভেজ, বিপ্লব, জোয়েল।