রাসেলের প্রথম, না মোহামেডানের দ্বিতীয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার কাপের ট্রফিটা হাতে নিয়ে গতকাল বাফুফে ভবনে পাশাপাশি দঁাড়ালেন হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক শেখ রাসেলের বিপ্লব ভট্টাচার্য (বঁায়ে) ও  মোহামেডানের রজনীকান্ত বর্মণ। একজনের হাসিটাকে মুছে দেবে আগামীকালের ফাইনাল ষ প্রথম আলো
সুপার কাপের ট্রফিটা হাতে নিয়ে গতকাল বাফুফে ভবনে পাশাপাশি দঁাড়ালেন হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক শেখ রাসেলের বিপ্লব ভট্টাচার্য (বঁায়ে) ও মোহামেডানের রজনীকান্ত বর্মণ। একজনের হাসিটাকে মুছে দেবে আগামীকালের ফাইনাল ষ প্রথম আলো

দৃশ্য এক, বুয়েট মাঠ। শেখ রাসেলের অনুশীলন তখনো শুরু হয়নি। অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকে ঘিরে রয়েছেন মিঠুন, মামুনুল, জাহিদরা। বিপ্লব কিছু একটা বলতেই জোরে হেসে উঠলেন সবাই।দৃশ্য দুই, মোহামেডান ক্লাব। তাপানুকূল ঘরে বসে টেলিভিশনে বিনোদন খুঁজছিলেন মতিউর মুন্না, রজনীকান্ত, ওয়াহেদরা। অনুশীলন শুরুর আগে এক কক্ষে খোশগল্প করতে দেখা গেল রবিন, সোহেল রানাদের।আগামীকাল সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও শেখ রাসেল। ক্লাব তাঁবু আর অনুশীলন মাঠে দুই দিন আগেও খেলোয়াড়দের নির্ভার দেখাচ্ছিল। কিন্তু সবার মুখে আলোচনা একটাই—কারা জিতবে ৫০ লাখ টাকা প্রাইজমানির ফাইনাল? গত দুবারের সুপার কাপ ছিল কোটি টাকার। দুবারই স্টেডিয়াম জেগে উঠেছিল আবাহনী-মোহামেডানের চিরায়ত লড়াইয়ে। কিন্তু এবার আবাহনী ছিটকে পড়েছে গ্রুপ পর্বেই। আর টানা তৃতীয়বারের মতো ফাইনালে মোহামেডান। অথচ এবারের সুপার কাপ শুরুর আগে মোহামেডানকে অনেকেই হিসাবে রাখেনি। সাদা-কালো দলের অন্ধসমর্থকও ভাবেনি সুপার কাপের ফাইনালে খেলবে তারা। কিন্তু প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়া দলটির সঙ্গে এই দলের অনেক তফাত! বিদেশি ছাড়া টুর্নামেন্টকে নিজেদের প্রমাণের দারুণ এক মঞ্চ হিসেবেই বেছে নিয়েছেন খেলোয়াড়েরা। তিন জয় ও এক ড্র। গতিময় ফুটবলে শুধু সমর্থকদের আস্থা ফেরাননি, জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের প্রশংসাও কুড়িয়েছে মোহামেডান। তবে ফেবারিট শেখ রাসেল যোগ্য দল হিসেবেই উঠেছে ফাইনালে। ফেডারেশন কাপ দিয়ে শুরু, এরপর স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন রাসেল। সুপার কাপ তাদের দাঁড় করিয়েছে ইতিহাসের দোরগোড়ায়। দাঁড়িয়ে একটা মাত্র জয়ের দূরত্বে। ঘরোয়া ফুটবলে একই মৌসুমে চারটি শিরোপা জেতার মাহেন্দ্রক্ষণে নীল দলটি। বিদেশিদের নিয়ে শিরোপা জিতলেও এবারই হবে শেখ রাসেলের আসল পরীক্ষা।

লড়াইটা শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও। শেখ রাসেলের কোচ মারুফুল হকের ট্যাকটিকসের সঙ্গে লড়াইটা হবে মোহামেডানের সাইফুল বারীরও (টিটু)। এক দলের সামনে ইতিহাস। অন্যদের সাহস জোগায় ঐতিহ্য। সুপার কাপের সঙ্গে মোহামেডানের সখ্য পুরোনো। প্রথমবারের চ্যাম্পিয়নরা, পরের আসরে রানার্সআপ। সুপার কাপে মোহামেডান দুর্দমনীয় হয়ে ওঠে। দলকে ফাইনালে নিতে বড় ভূমিকা রেখেছেন দুই তরুণ ওয়াহেদ ও মোবারক। ভেতরে যা-ই থাক স্ট্রাইকার ওয়াহেদ কথাবার্তায় ভীষণ চটপটে, ‘আমাদের প্রধান লক্ষ্যই চ্যাম্পিয়ন হওয়া। ফাইনালে জীবনের সেরা খেলাটা খেলতে চাই।’

ওয়াহেদের সঙ্গে খোশগল্পে মশগুল মোবারক (বঁায়ে)। মামুনুলের কঁাধে এমিলির হাত। সাফল্যের জন্য এই দুই যুগলের দিকেই তাকিয়ে থাকবে মোহামেডান ও শেখ রাসেল ষ প্রথম আলো
ওয়াহেদের সঙ্গে খোশগল্পে মশগুল মোবারক (বঁায়ে)। মামুনুলের কঁাধে এমিলির হাত। সাফল্যের জন্য এই দুই যুগলের দিকেই তাকিয়ে থাকবে মোহামেডান ও শেখ রাসেল ষ প্রথম আলো

নিজের সেরাটা খেলতে চান শেখ রাসেলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও। প্রথম আসরে আবাহনীর হয়ে খেললেও সেবার রানার্সআপ হয়েছিল তাঁর দল। সেই দুঃখ এবার ভুলতে চান চ্যাম্পিয়ন হয়েই, ‘অন্যসব শিরোপা জিতলেও এই একটা টুর্নামেন্ট কখনো জিতিনি। সব ভুলে আমার মনোযোগ এখন ওটা জয়ের দিকেই।’মারুফুল হকের আত্মবিশ্বাস যেন তুঙ্গে, ‘আমার ছেলেরা যেমন খেলছে তাতে আমি শুধু গরম আর বৃষ্টিকেই ট্রফি জেতার একমাত্র বাধা হিসেবে দেখছি।’ তবে মোহামেডানের কোচ সাইফুল বারী বেশ সতর্ক, ‘শেখ রাসেল নিঃসন্দেহে শক্তিশালী দল। ওদের খাটো করার সুযোগ নেই। মামুনুল, এমিলি আর জাহিদের ওপর বেশি নজর থাকবে আমাদের। সবচেয়ে বড় কথা বিদেশি কোচ ছাড়াও যে ভালো খেলতে পারি, সেটা প্রমাণ করতে চাই চ্যাম্পিয়ন হয়ে।’এই মৌসুমে দুই দল মুখোমুখি হয়েছে চারবার। লিগে দুবার হেরেছে শেখ রাসেল। তবে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে ও সেমিফাইনালে জেতে রাসেলই। এই পরিসংখ্যানের সঙ্গে দুই দলের এবারের লড়াইটা না মেলানোই ভালো। জমজমাট এক ফাইনালের সাক্ষী হতে না হয় চলেই আসুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।