রাহানে-পূজারার প্রতিরোধ ভেঙে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

১০০ রানের জুটি গড়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে মার্ক উডের গতির পর কারেনের তোপে পড়েছিল ভারত। তবে উইকেটশূন্য দ্বিতীয় সেশনে জুটি গড়ে প্রতিরোধের আভাস দিয়েছিলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। কিন্তু এ দুজনের বিদায়ের পর আবার বিপদে পড়েছে ভারত। লর্ডসের শেষ বিকেলে চটজলদি ৩ উইকেট হারিয়ে উল্টো বিপদে বিরাট কোহলির দল। দিন শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮১। হাতে ১৫৪ রানের লিড। সেটা আগামীকাল যতটা পারা যায়, বাড়িয়ে নেওয়াই হবে ভারতের প্রথম লক্ষ্য।

ভারতকে শুরুতে ধাক্কা দেন মার্ক উড
রয়টার্স

ইংল্যান্ডকে দিনের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে দিনের দশম ওভার পর্যন্ত। লর্ডসের উইকেটে এদিনও তেমন সহায়তা ছিল না পেসারদের জন্য। সেখানেই উড তুললেন গতির ঝড়। ঘণ্টায় প্রায় ৯৪ মাইল গতির বলে পরাস্ত প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। ভারতীয় ওপেনার উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৫ রান করেই। উডের সঙ্গে এরপর রোহিত শর্মার চলেছে শর্ট বলের দ্বৈরথ। রোহিত প্রথমে একটা ছয় মেরেছেন, এরপর হুক করতে গিয়ে ধরা পড়েছেন ডিপ স্কয়ার লেগে। তখনো লিডের দেখা পায়নি ভারত।

কোহলিকে ফেরান স্যাম কারেন
রয়টার্স

কোহলির সঙ্গে এরপর যোগ দিয়েছেন পূজারা। পূজারা প্রথম রান করতে সময় নিয়েছেন ৩৫ বল! তাঁর প্রথম রানের সময় করতালিই দিয়েছে লর্ডস! অবশ্য শিগগিরই লর্ডসের দর্শকদের ‘আসল’ উদ্‌যাপনের উপলক্ষ এনে দিয়েছেন স্যাম কারেন। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। এ নিয়ে যে টানা সাত ইনিংস ফিফটিশূন্য ভারত অধিনায়ক। ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে কোহলি আউট হওয়ার সময় ভারত এগিয়ে ছিল মাত্র ২৬ রানে।

দিনের শেষ দিকে ২ উইকেট নেন মঈন আলী
রয়টার্স

এরপর পূজারা আর রাহানের ঠিক ১০০ রানের জুটি। এর মধ্যে পরে রাহানের কঠিন ক্যাচ ফেলেছেন জনি বেয়ারস্টো, ইংল্যান্ড তাঁর বিপক্ষে নষ্ট করেছে রিভিউও। শেষ পর্যন্ত ২০৬ বলে ৪৫ রান করা পূজারার প্রতিরোধ ভেঙেছেন সেই মার্ক উডই, তাঁকে জো রুটের ক্যাচ বানিয়ে। তবে ভারতকে শেষ ধাক্কাটা দিয়েছেন মঈন আলী। ২৩৮ বলে ৬১ রান করা রাহানেকে উইকেটের পেছনে বাটলারের ক্যাচ বানিয়ে মঈন পান দিনে নিজের প্রথম উইকেট। কিছুক্ষণ পর সরাসরি বোল্ড করে ফেরান রবীন্দ্র জাদেজাকেও। লিড বাড়ানোর জন্য এখন ঋষভ পন্তের দিকে তাকিয়ে ভারত।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১২৬.১ ওভারে ৩৬৪ ও ৮২ ওভারে ১৮১/৬ (পূজারা ৪৫, রাহানে ৬১, রোহিত ২১, কোহলি ২০; উড ৩/৪০, মঈন ২/৫২, কারেন ১/৩০)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ১২৮ ওভারে ৩৯১।