রাহানের ব্যাটে জয়ের স্বপ্ন ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্ট সেঞ্চুরির পর ভারতের ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে! কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে  এএফপি
প্রথম টেস্ট সেঞ্চুরির পর ভারতের ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে! কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এএফপি

নিজের বিদায়ী টেস্ট সিরিজে নাকি তাঁকে একবার ডেকে নিয়ে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। বলেছিলেন, ‘আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তোমার পরিশ্রম, ফিটনেস সবই। ধৈর্য ধরো আর সুযোগের অপেক্ষায় থাকো।’ ‘ক্রিকেট দেবতা’র সেই কথাগুলোকে ব্রত হিসেবেই নিয়েছিলেন অজিঙ্কা রাহানে।
টেন্ডুলকারের বিদায় নেওয়ার পর ভারতের প্রথম সিরিজেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেয়ে মাত্র ৪ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরিটা মাঠে ফেলে আসেন। আক্ষেপ ছিল, কিন্তু হতাশ হননি রাহানে। টেন্ডুলকার তো বলেই দিয়েছিলেন, অপেক্ষা করতে হবে। খুব বেশি দিন নয়, মাস দেড়েক পরই সেই পরিশ্রম আর ধৈর্যের ফল পেলেন মারাঠী তরুণ।
ওয়েলিংটনে যখন ব্যাট হাতে নামছেন, ভারতের রান ৫ উইকেটে ১৬৫। আশার ভেলাটাকে বেশিদূর টেনে নিয়ে যাওয়ার আগেই ফিরে গেছেন শিখর ধাওয়ান (৯৮)। নিউজিল্যান্ডকে ১৯২ রানে গুটিয়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনির দলের বড় লিডের স্বপ্ন অনেক দূরের বলে মনে হচ্ছে। ওদিকে টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট বিষাক্ত ছোবল দিয়ে যাচ্ছেন একটু পর পর। প্রথমে ধীরে চলো নীতি নিলেন ডানহাতি ব্যাটসম্যান, পরে খেললেন মুগ্ধতা জাগানিয়া সব শট। 
দিনের শেষ সেশনে ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়ে ফিরছেন, রাহানের নামের পাশে ১১৮ রান। বিদেশের মাটিতে ভারতের হয়ে সাত নম্বরে নেমে মাত্র ষষ্ঠ সেঞ্চুরি। সেঞ্চুরি যে ওভারে পেয়েছেন, সেই ওভারেই মেরেছেন তিনটি চার। পরের ওভারে একটা বিশাল ছক্কাও। সাউদির বলে লং অফে বোল্টের অসাধারণ এক ক্যাচের শিকার না হলে ইনিংসটা আরেকটু লম্বাই হতো।

রাহানের সেঞ্চুরির সুবাদেই প্রথম ইনিংসে ৪৩৮ রানে অলআউট ভারত শেষ পর্যন্ত পেয়েছে ২৪৬ রানের লিড, দেশের বাইরে যা তাদের সপ্তম বৃহত্তম। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জহির খান ফিরিয়ে দিয়েছেন পিটার ফুলটনকে। ১ উইকেটে ২৪ রান নিয়ে দিন শেষ করা কিউইরা তখনো পিছিয়ে ছিল ২২২ রানে। ম্যাককালাম-উইলিয়ামসনদের অসাধারণ ব্যাটিং না হলে সিরিজে ভারতের সমতা ফেরানো হয়তো ঠেকাতে পারবে না তারা। তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো।