রাহুল ও পারনেল ‘পজিটিভ’
ভারতীয় লেগ-স্পিনার রাহুল শর্মা ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ওয়েইন পারনেল মাদক পরীক্ষায় ‘পজিটিভ’ প্রমাণিত হয়েছেন। মুম্বাই পুলিশ গতকাল শুক্রবার এ খবর নিশ্চিত করেছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আইপিএল চলার সময় গত ২০ মে একটি উচ্ছৃঙ্খল নৈশপার্টি থেকে রাহুল ও পারনেলসহ ৯০ জনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। ওই পার্টি থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছিল। রাহুল-পারনেল দুজনই আইপিএল ফ্রাঞ্চাইজি পুনে ওয়ারিয়র্সের খেলোয়াড়।ভারতীয় দলের সঙ্গে বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছেন রাহুল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে পারনেল আছেন জিম্বাবুয়ে সফরে। ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ড্রাগ টেস্টের ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় আছে।ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন জানিয়েছেন, তাড়াহুড়ো করে রাহুলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না বোর্ড। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘বিস্তারিত তথ্য পাওয়ার আগেই কেন সবাই রাহুলকে দল থেকে ছাঁটাই করার কথা বলছেন, জানি না। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে টেস্টের ফলাফল যাচাই-বাছাই করে দেখবে বোর্ড।’দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেছেন, ‘ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। এর আগ পর্যন্ত মন্তব্য করতে পারি না আমরা।’মুম্বাই পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর রাহুল ও পারনেল দুজনই মাদক নেওয়ার কথা অস্বীকার করেছিলেন। রাহুল মন্তব্য করেছিলেন, যদি প্রমাণিত হয় যে তিনি মাদক নিয়েছেন, তাহলে ক্রিকেট খেলাই ছেড়ে দেবেন। রাহুল দাবি করেছিলেন, পারনেলের অনুরোধেই একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে পারনেলের দাবি ছিল, ভুল সময়ে ভুল জায়গায় গিয়েছিলেন তিনি।ভারতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন ২৫ বছর বয়সী রাহুল। বয়সে তিন বছরের ছোট হলেও আন্তর্জাতিক ক্রিকেটে রাহুলের চেয়ে অভিজ্ঞতায় বড় পারনেল। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টেস্ট, ২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন পারনেল।