রাহুল দ্রাবিড়কেই বেশি পছন্দ হাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় দুজনকেই পছন্দ করেন মাইক হাসি। শচীনকে অবশ্যই তিনি বড় মাপের ক্রিকেটার মনে করেন, তবে অস্ট্রেলীয় এই ক্রিকেটারের পছন্দের তালিকায় লিটল মাস্টার নন, ওপরে আছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।ভারতের চেন্নাইয়ে গতকাল ক্রিকেট শিক্ষাবিষয়ক এক অনুষ্ঠানে হাসি বলেছেন, ‘টেন্ডুলকারও অসাধারণ ক্রিকেটার। তবে খেলার ধরনের জন্য দ্রাবিড়কেই আমি বেশি পছন্দ করি।’সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ভালো করতে পারেননি দ্রাবিড়। ভালো করতে পারেননি দলের অন্যরাও। টেস্ট সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় ভারতীয় দল। অস্ট্রেলিয়ায় হতাশাজনক সফর শেষে গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দ্রাবিড়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন খেলছেন আইপিএলে, রাজস্থান দলের অধিনায়ক হিসেবে। মাইক হাসির বিশ্বাস, দ্রাবিড়ের বিকল্প একজনকে বের করা ভারতীয় দলের জন্য কঠিন হবে। তিনি বলেন, ‘এটা ভারতের জন্য খুবই কঠিন হবে। আমি বলব, দ্রাবিড়ের বিকল্প বের করা খুব দ্রুত সম্ভব হবে না।’ভারতীয় দলে যে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছেন, এটাও অবশ্য স্বীকার করে নিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা হাসি। বলেছেন, ‘বিরাট কোহলি এর মধ্যে প্রমাণ করেছেন যে তিনি বিশ্বমানের ক্রিকেটার। দলে রোহিত শর্মা, সুরেশ রায়না ও চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটার আছে। ওদের মতো আরও নতুন ক্রিকেটার বের করে আনবে ভারত।’হাসি মনে করেন, বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতীয় দলের খেলার ফলাফল ভালো না হলেও মান যে বেশি নিচে নেমে গেছে, তা নয়। ক্রিকেটে খারাপ সময় আসতেই পারে। হাসি বলেন, ‘টেস্ট ও ওয়ানডে দুটিতেই শীর্ষে উঠেছিল ভারত। এ জায়গাটা ধরে রাখা সহজ নয়। ইংল্যান্ড সফর ভারতীয়দের জন্য কঠিন ছিল। এরপর ঘরের মাঠে আমরাও সিরিজ জয়ের জন্য উন্মুখ ছিলাম। ভারতীয় দল আগের মতো নেই, এটা বললে ভুল হবে।’