রাহুল দ্রাবিড়ের অস্ট্রেলিয়া ভাবনা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা ভারত জিতেছে সহজেই। ওয়ানডে সিরিজেও ২-০-তে এগিয়ে। র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কি ইংল্যান্ডের দুঃস্বপ্ন ভোলা সম্ভব? রাহুল দ্রাবিড়ের কিন্তু ধারণা, সামনের অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ভূত মোটেও তাড়া করবে না ভারতকে।ইংল্যান্ডে ভারতের বিপর্যয়ের অন্যতম কারণ ছিল চোটের কারণে বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারানো। দ্রাবিড়ের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় এই সমস্যা থাকবে না, ‘ইংল্যান্ড সফরটা ছিল ভীষণ হতাশাজনক, আমাদের দলে অনেক ফিটনেস সমস্যাও ছিল। তবে এটা সত্যি, আমরা আরও ভালো করতে পারতাম। তবে ওই সফর এখন অতীত, অস্ট্রেলিয়ায় আমাদের সুযোগ আছে ভালো করার। আশা করি, আমরা পূর্ণশক্তির দল নিয়ে অস্ট্রেলিয়ায় যাব এবং ভালো করব।’দিন দুয়েক আগে একটা সুখবর শুনেছেন দ্রাবিড়। অবসরে যাওয়া শেন ওয়ার্নের জায়গায় আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক করা হচ্ছে তাঁকে। দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত দ্রাবিড়। জানালেন অনেকটা রয়্যালসের সমার্থক হয়ে যাওয়া ওয়ার্নের কাছ থেকে পরামর্শ নেবেন দল পরিচালনায়, ‘এটা অনেক বড় দায়িত্ব। শেন ওয়ার্ন দারুণ একটি দল রেখে গেছে এবং আমি এই দলকে সামনে এগিয়ে নিতে মুখিয়ে আছি। ওয়ার্নির নেতৃত্বে খেলাটা ছিল দারুণ অভিজ্ঞতা, প্রয়োজনে আমি ওর কাছ থেকে পরামর্শ নেব।’ ওয়েবসাইট।