রাহুল দ্রাবিড়ের ব্যবস্থাপত্র
ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের যোগ্যতা ও প্রতিভা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে তাঁর অভিমত, আইপিএলের অতিরিক্ত অর্থ খেলোয়াড়দের দেশের প্রতি দায়িত্বহীন করে তুলেছে।ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে মুম্বাই ও কলকাতায় পরপর দুটো বিশাল হার ক্রিকেটপাগল ভারতীয়দের মনে সঞ্চার করেছে একরাশ ক্ষোভের। ব্যাপারটিকে স্বাভাবিক বলেই মনে করেন ১৬৪ টেস্টে ১৩ হাজারের ওপর রান করা এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘কেবল ভারত হেরেছে বলেই মানুষ ক্ষুব্ধ নয়, বরং মানুষ ক্ষুব্ধ হারের ধরনে। এই সিরিজে ভারত তিনটি টস জিতেছে। উইকেট ছিল সম্পূর্ণ ভারতের অনুকূলে। কলকাতায় ছিল দারুণ ব্যাটিং কন্ডিশন। কিন্তু দল সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তারা লড়াই করতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ইংল্যান্ড ভারতের মুখের সামনে আত্মজিজ্ঞাসার এক বিশাল আয়না মেলে ধরেছে বলেই মনে করেন দ্রাবিড়। তিনি বলেন, এই আয়নায় খুব করুণভাবেই ভারতীয় দলের দুর্বলতাগুলো ফুটে উঠেছে। একই সঙ্গে এই আয়না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোন জায়গাগুলোতে মনোযোগ দেওয়ার সময় এসেছে।ভারতীয় ক্রিকেটের বর্তমান সমস্যা সমাধানে ‘এ’ দল এবং একাডেমি দলের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান দ্রাবিড়। তিনি বলেন, এ জায়গাটিতে ইংল্যান্ডকে অনুসরণ করতে পারে ভারত। ইংলিশ ‘এ’ দল এবং একাডেমি দল যেমন মৌসুমের বাইরে বিভিন্ন সফরে বের হয়ে অভিজ্ঞতা অর্জন করে। বিসিসিআইয়েরও উচিত ভারতীয় ‘এ’ দল এবং একাডেমির ক্ষেত্রে তেমনই কিছু উদ্যোগ নেওয়া।ভারতীয় ক্রিকেট দল এ মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেন দ্রাবিড়। তাঁর মতে, একটি সফল দলের কিছু অনন্য প্রতিভাধর খেলোয়াড় থাকে, যারা একই সঙ্গে আবির্ভূত হয় এবং একই সঙ্গে জ্বলে ওঠে।রাহুল ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার সমালোচনা করে বলেন, এই দুই স্পিনার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ইংল্যান্ড স্পিন বিভাগে ভারতকে এই সিরিজে পেছনে ফেলেছে বলেই মনে করেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বলেন, ‘আমি স্পিন নিয়েই সবচেয়ে বেশি উদ্বিগ্ন। কারণ স্পিনাররা আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অথচ ইংলিশ স্পিনাররা কিন্তু ঠিকই বাজিমাত করেছে। আমার উদ্বেগের মূল কারণ হচ্ছে এই স্পিনই কিন্তু আমাদের মূল শক্তি।’নাগপুরে ভারত ঘুরে দাঁড়াল কি দাঁড়াল না, সেটা নিয়ে একেবারেই ভাবছেন না দ্রাবিড়। তাঁর মতে, ‘ওটা নিয়ে ভাবার সময় এখন নয়। আমাদের ভাবতে হবে কী কী বিষয়ের ওপর গুরুত্ব দিলে ভবিষ্যতে ভারত একটি সফল ও শক্তিশালী ক্রিকেট দলে পরিণত হতে পারে। পিটিআই।