রাহুল দ্রাবিড়ের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে ভারতের ‘ফাইনাল ফ্রন্টিয়ার’। অন্তত ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজকে এ নামেই ব্র্যান্ডিং করে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে ফাইনাল ফ্রন্টিয়ার বললেও খুব একটা দোষ দেওয়া যায় না ভারতীয়দের। কারণ, গত ১০ বছরে ভারত টেস্ট ক্রিকেটে সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেও এখন পর্যন্ত তারা দক্ষিণ আফ্রিকায় কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। ২০০৬ সালে জোহানেসবার্গে একটি টেস্ট জেতা ছাড়া আফ্রিকা মহাদেশে ভারতের টেস্ট রেকর্ড একেবারেই তথৈবচ। তাই টেস্ট ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে এবারের দক্ষিণ আফ্রিকা সফর ভারতের কাছে ‘শেষ দুর্গ’ জয় করার মতোই আনন্দময়, গৌরবদীপ্ত এক সাফল্য গাঁথা।ভারত দক্ষিণ আফ্রিকা সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের দূরে সরিয়ে রাখা। দূরে সরিয়ে রাখা বললে ভুল হবে, এসব সিনিয়রকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগই করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার সিরিজ জিততেই হবে—এমন একটা প্রত্যয় বুকে ধারণ করে রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটাররা এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখানে ভারতের প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের তত্ত্বাবধানে চলছে তাঁদের নিবিড় প্রস্তুতি। সেখানে বসেই ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রাহুল দ্রাবিড় শুরু করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কথার লড়াই। এবারের সিরিজে ভারতীয় দলকে গ্রিন টপ উইকেটের ফাঁদে ফেলে যে দক্ষিণ আফ্রিকার কোনো লাভ নেই, তাই সহজ ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি।দক্ষিণ আফ্রিকায় উপমহাদেশীয় দলগুলো দ্রুতগতির উইকেটে যারপরনাই বিপদের মুখে থাকে। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে চারটি সফরে ১২টি টেস্ট খেলেছে। প্রতিবারই ভারতকে দক্ষিণ আফ্রিকায় সবুজ ঘাস আচ্ছাদিত ফাস্ট বোলারদের ‘স্বপ্নের’ উইকেটে খেলতে হয়েছে। তবে রাহুল দ্রাবিড় মনে করেন, এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তৃপক্ষ যদি তেমন কিছুর পরিকল্পনা করে থাকে, তাহলে তারা ভুল করবে। কারণ, এবার যদি তারা গ্রিন টপ উইকেটের ফাঁদ তৈরি করে, তাহলে তাদের নিজেদের ফাঁদেই ধরা পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাহুল দ্রাবিড় মনে করেন, ভারতীয় দলে এ মুহূর্তে বেশ কয়েকজন ভালো মানের ফাস্ট বোলার রয়েছেন। ভারতের ফাস্ট বোলিং বিভাগকে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলতেও দ্বিধা নেই তাঁর। তিনি মনে করেন, এবারের সিরিজটি হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদি জহির খান, ইশান্ত শর্মা ও শ্রীশান্ত পুরো টেস্ট সিরিজে ইনজুরিমুক্ত থাকতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকা স্বস্তিতে থাকতে পারবে না।নিজের দলের প্রশংসার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও ‘দারুণ দল’ হিসেবে মনে করেন দ্রাবিড়। দ্রাবিড় এও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারাতে হলে ভারতীয় দলকে তাদের সেরা খেলাটাই খেলতে হবে।ভারতীয় ক্রিকেটের বর্তমান প্রজন্মের প্রশংসা করে দ্রাবিড় বলেন, এ প্রজন্মটি অনেক বেশি পরিণত। তারা অনেক বেশি বিদেশের মাটিতে খেলার সুযোগ পায়, সে কারণে কোনো বিশেষ দেশের জুজু নিয়ে তারা চিন্তিত নয়। আইপিএল ও চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টগুলো খেলে তারা অনেক বেশি পরিণত। আর তাই দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর এটাই মোক্ষম সময়। টাইমস অব ইন্ডিয়া।