রাহুল-পারনেল ডোপপাপী!
একজন জাতীয় দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কায়। আরেকজন ‘এ’ দলের সঙ্গে জিম্বাবুয়েতে। পরশু দুঃসংবাদটা দুজন পেলেন ভারত থেকে। মুম্বাই পুলিশ জানিয়েছে, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল ও ভারতের রাহুল শর্মা। মে মাসে আইপিএল চলার সময় মাদক সেবনের অভিযোগে একটি রেভ পার্টি থেকে এই দুই ক্রিকেটারসহ প্রায় ১০০ জনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল খেলা পারনেল সে সময় মাদক সেবনের কথা অস্বীকার করে বলেছিলেন, ‘আমরা ভুল সময়ে ভুল জায়গায় চলে গিয়েছিলাম।’ আর রাহুল বলেছিলেন ‘দোষী প্রমাণিত হলে ক্রিকেট ছেড়ে দেব।’ কিন্তু এই দুজনের ‘বিনোদনমূলক’ মাদক সেবনের প্রমাণ পেয়েছে মুম্বাই পুলিশ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টেস্ট, ২২ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা পারনেল এখন জিম্বাবুয়েতে ‘এ’ দলের হয়ে খেলছেন ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন রাহুল শর্মা। কাল অবশ্য একাদশের বাইরে ছিলেন এই লেগ স্পিনার। ওয়েবসাইট।দুই ক্রিকেটারের জন্যই খানিকটা স্বস্তির খবর, ত্বরিত কোনো সিদ্ধান্তে যাচ্ছে না দুই দেশের বোর্ড। বিসিসিআইয়ের প্রধান এন শ্রীনিবাসন তো একরকম রাহুলের পাশেই দাঁড়ালেন, ‘আমি বুঝতে পারছি না, বিস্তারিত সব না জেনেই সবাই কেন রাহুলকে এভাবে হেনস্তা করছে। বিসিসিআই আগে প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেবে।’ দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা নেই তাঁদের।