একসময়ের চার ব্যাটিং-স্তম্ভের একজন সৌরভ গাঙ্গুলী বিদায় জানিয়েছেন চার বছর আগে। আরও দুজন রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ বিদায় জানিয়েছেন সম্প্রতি। ভারতের মিডল-অর্ডারে এখন অবারিত সুযোগ। আর সুযোগ মানেই প্রতিভা আর সামর্থ্যের তীব্র লড়াই। আগের টেস্টে দারুণ এক সেঞ্চুরিতে লড়াইয়ে এগিয়ে গিয়েছিলেন চেতেশ্বর পূজারা। কাল খাদের কিনারা থেকে ভারতকে উদ্ধার করলেন লড়াইয়ে থাকা আরও দুই তরুণ—বিরাট কোহলি ও সুরেশ রায়না।রায়না অবশ্য দলকে উদ্ধার করলেও নিজে হাতছাড়া করেছেন আরও বড় কিছুর সুযোগ। ফিরে গেছেন ফিফটির পরপর। তবে কোহলি ঠিকই সুবাস পাচ্ছেন তিন অঙ্কের। কোহলির সঙ্গে উইকেটে জমে গেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। লাঞ্চের পরপর পথ হারানো ভারতের ইনিংস তাই পেল সঠিক দিশা। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে ভারত পিছিয়ে ৮২ রানে, হাতে ৫ উইকেট।কালকের দিনটাকে পরিষ্কার দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা বোলারদের, দ্বিতীয়টা ব্যাটসম্যানদের। সকালে নিউজিল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিতে মাত্র ৮.৪ ওভার লেগেছে ভারতীয় বোলারদের। এরপর ভারতীয় ইনিংসে লাঞ্চের আগে টিম সাউদির জোড়া আঘাত, লাঞ্চের পর জোড়া আঘাত ব্রেসওয়েলের! এরপর আবার কোহলি-রায়না ও কোহলি-ধোনির দারুণ দুটি জুটি।অভিজ্ঞ ক্রিস মার্টিনের বদলে সাউদিকে খেলানোর ফাটকাটা দারুণ কাজে লেগেছে কিউইদের। গৌতম গম্ভীরকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন সাউদি। ফর্মের সঙ্গে লড়তে থাকা গম্ভীর ক্যাচ দিয়ে পার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। দেখেশুনে ছেড়ে দিয়ে বোল্ড! সাউদিকেই হুক করার লোভ সামলাতে না পেরে ফাইন লেগে ক্যাচ পূজারা। নড়বড়ে শেবাগ আর সতর্ক টেন্ডুলকার লাঞ্চ পর্যন্ত আর বিপদ হতে দেননি। তবে লাঞ্চের পর চতুর্থ বলেই ব্রেসওয়েলকে ফ্লিক করে স্কয়ার লেগে ক্যাচ হন শেবাগ। পরের ওভারে ব্রেসওয়েল খুঁজে পেলেন টেন্ডুলকারের ব্যাট-প্যাডের ফাঁক। দারুণ এক স্ট্রেট ড্রাইভে ৪ মারার পরের বলেই জায়গায় দাঁড়িয়ে খেলে বোল্ড টেন্ডুলকার। আগের টেস্টেও ট্রেন্ট বোল্টের বলে ব্যাট-প্যাডে বিশাল ফাঁক রেখে বোল্ড হয়েছিলেন টেন্ডুলকার।৮০ রানে ৪ উইকেট হারিয়ে ভারতীয় ইনিসং যখন দিশাহীন, রায়না কাজে লাগালেন প্রতিপক্ষ অধিনায়কের মন্ত্র। উইকেটে গিয়েই পাল্টা আক্রমণ, ব্রেসওয়েলকে টানা তিন চার, জিতান প্যাটেলকে ছয়। কোহলির সঙ্গে ৯৯ রানের জুটিতে রক্ষা ভারতের। সপ্তম টেস্ট ফিফটির পরপরই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন রায়না। তবে কোহলি ছিলেন আস্থার প্রতিমূর্তি। খেলেছেন সেরা সময়ের টেন্ডুলকার ও লক্ষ্মণকে মনে করিয়ে দেওয়া সব ড্রাইভ ও ফ্লিক। দিন শেষে ধোনির সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন জুটিটা ১০৪ রানের। ওয়েবসাইট।সকালে সেঞ্চুরির আশায় দিন শুরু করা ক্রুগার ফন উইককে ফিরিয়েছেন জহির। আরেক অপরাজিত ব্রেসওয়েল রানআউট হন নন-স্ট্রাইক প্রান্তে। আর তৃতীয়বার ৫ উইকেট নিয়ে কিউই ইনিংসের ইতি টেনেছেন প্রজ্ঞান ওঝা।