রায়নার ব্যাটে সিরিজ জয়
রোগটা পুরোনো। অনেক দাওয়াই দিয়েও সারানো যায়নি। অনুমিত ছিল, একদিন ঠিকই ভোগাবে এই রোগ। ইংল্যান্ড ও স্টিভেন ফিনের সেই ভোগান্তির দিনটি এল কাল। ইংল্যান্ড কালই সিরিজ হেরে বসল হয়তো ফিনের বহু আলোচিত-সমালোচিত সেই বাজে অভ্যাসটির কারণেই—বোলিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেওয়া! ব্যাটিং পাওয়ার প্লের প্রথম বলটিতেই স্লিপে অ্যালিস্টার কুকের হাতে ধরা পড়েছিলেন সুরেশ রায়না। ইংলিশরা যখন মেতে উঠছেন উদ্যাপনে, এক আঙুল না তুলে আম্পায়ার স্টিভ ডেভিস দুই হাত ঘোরালেন আড়াআড়ি। ডেলিভারির সময় হাঁটু দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছেন ফিন, ডেড বল! সেই সময় ৪১ রানে থাকা রায়নাই ৭৯ বলে ৮৯ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলে দলকে জেতালেন ৫ উইকেটে। হার দিয়ে শুরু করা সিরিজ ভারত জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই। আরও কিছুদিন র্যাঙ্কিং-শীর্ষে থাকাও নিশ্চিত হলো। মোহালির কুয়াশামাখা সকালে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল ইংল্যান্ডকে। আগের দুই ম্যাচে ১৫৫ ও ১৫৮ রানে গুটিয়ে যাওয়া দল কাল আড়াই শ ছাড়িয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সহজ হয়ে আসা উইকেটে ২৫৮ রানের লক্ষ্যটাও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেনি ভারতের সামনে। ৮০ রানের দুটি ইনিংস আর তিনটি ফিফটি জুটিই যথেষ্ট হয়ে গেছে ভারতের জন্য। গম্ভীর দ্রুত ফেরার ধারাবাহিকতা ধরে রাখার পর কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ট্রেডওয়েলের জোড়া আঘাত কোহলি ও যুবরাজকে ফেরালেও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। চতুর্থ উইকেটে রায়নার সঙ্গে রোহিতের জুটিতে আসে ৫১ বলে ৬৮, অ্যালিস্টার কুকের মতে এই জুটিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।অজিঙ্কা রাহানের টানা ব্যর্থতায় ওপেন করতে নামা রোহিত ৮৩ করেছেন ৯৩ বলে। পঞ্চম উইকেটে রায়না-ধোনির ৫৫ রানের জুটি ভারতকে নিয়ে গেছে জয়ের কাছাকাছি। জাদেজাকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দিয়েছেন ম্যাচসেরা রায়না, ৮৯ রানের ইনিংসটা গত তিন বছরে তাঁর সর্বোচ্চ!ইংল্যান্ড ইনিংসে সর্বোচ্চ ৭৬ কুক ও কেভিন পিটারসেনের। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ৯৫ রানের। তবে এমন ভিত্তিটকে কাজে লাগাতে পারেননি জো রুট ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটসম্যান। রুটের ৪৫ বলে ৫৭ রানের ইনিংসটা শেষ ১০ ওভারে ১০০ তুলেছিল ইংল্যান্ড। সেটাও যথেষ্ট হয়নি শেষ পর্যন্ত।শেষ ম্যাচ ২৭ জানুয়ারি, তবে ম্যাচটা নিয়েই আছে শঙ্কা। প্রবল তুষারপাত হুমকিতে ফেলে দিয়েছে ধর্মশালার আন্তর্জাতিক অভিষেককে! ওয়েবসাইট।