রায়নার সেঞ্চুরিতে জিতল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সেঞ্চুরি—দুটোর শুরু একসঙ্গেই। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোহানেসবার্গে ৫৭ বলে ১১৭ রান করেছিলেন ক্রিস গেইল। ওই বিশ্বকাপের পর হয়ে গেছে আরেকটি বিশ্বকাপ, কিন্তু সেঞ্চুরির দেখা আর পাওয়া যায়নি। অবশেষে গতকাল সেন্ট লুসিয়ায় সেই খরা ঘোচালেন সুরেশ রায়না। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কাল ৬০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন রায়না। তাঁর এই ইনিংসের কল্যাণেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ রানে জিতেছে ভারত। ২০ ওভারে ভারত তুলেছে ৫ উইকেটে ১৮৬। দক্ষিণ আফ্রিকাও লক্ষ্যের দিকে ভালোই ছুটছিল। তবে জ্যাক ক্যালিসের ৫৪ বলে ৭৩ রানের ইনিংসের পরও ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানই তুলতে পেরেছে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই মুরালি বিজয়ের (০) বিদায়ের পর উইকেটে এসেছিলেন, রায়না আউট হয়েছেন শেষ ওভারে। এর আগে প্রোটিয়া বোলারদের যন্ত্রণা দিয়ে মেরেছেন ৯টি চার ও ৫টি ছয়ে। ৩২ রানে গৌতম গম্ভীরের অসুস্থতায় দলে আসা দিনেশ কার্তিকের বিদায়ের পর যুবরাজ সিংকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েছেন ৬২ বলে। ৩ চার ও ২ ছয়ে ৩০ বলে ৩৭ রান করে যুবরাজ বিদায় নিলেও থামেননি রায়না। প্রথম ফিফটিতে লেগেছিল ৪২ বল, পরেরটিতে মাত্র ১৭টি। শেষ ৮২ রান করেছেন মাত্র ৩৮ বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এটা মাত্র তৃতীয় সেঞ্চুরি, গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। শেষ ১০ ওভারে ভারত তুলেছে ১০৯ রান, ৫ ওভারে ৭৫। এর আগে পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে প্রথম খেলতে নামা আফগানিস্তান নূর আলীর ফিফটিতে (৫০) ২০ ওভারে ৮ উইকেটে করেছিল ১১৫ রান। ৩১ বল হাতে রেখেই জয়ে পৌঁছায় ভারত। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২০ ওভারে ১৮৬/৫ (রায়না ১০১, যুবরাজ ৩৭, ধোনি ১৬*, কার্তিক ১৬; ক্লেইনভেল্ট ২/৪৮, স্টেইন ১/২৪, ক্যালিস ১/৩০, মরকেল ১/৩৯)। দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭২/৫ (ক্যালিস ৭৩, বসম্যান ৮, স্মিথ ৩৬, ডি ভিলিয়ার্স ৩১, মরকেল ১২; ইউসুফ ২/৪২, নেহরা ১/২৭, চাওলা ১/২৭)।