রায়ান ‘লিলি’ হ্যারিস!
মাথায় ব্যান্ড নেই, গলায় নেই সোনার চেইন। দুজন দুই সময়ের। কিন্তু অ্যাশেজে যা করেছেন, তাতে রায়ান হ্যারিসকে ডেনিস লিলির সঙ্গে তুলনা করছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। চেস্টার-লি-স্ট্রিটে হেরে এবারের অ্যাশেজটাও খুইয়েছে অস্ট্রেলিয়া। দলের এমন হতশ্রী দশা, এর মধ্যেও নিজেকে আলাদা করে চিনিয়ে যাচ্ছেন হ্যারিস। প্রথম চার টেস্টের একটা খেলতে পারেননি, তার পরও ১৯.২৫ গড়ে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত অ্যাশেজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাই পূর্বসূরি লিলির সঙ্গেও তুলনা শুরু হয়ে গেছে। লিলির মতো হ্যারিসও ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে ৬৭ উইকেট পেয়েছিলেন। একটা দিক দিয়ে তো লিলির চেয়েও এগিয়ে হ্যারিস। লিলির (২৫.২৭) চেয়ে হ্যারিসের (২২.৩৩) গড় তো বেশ ভালো! তবে একটা অমিলের কারণেই কখনোই লিলি হতে পারবেন না হ্যারিস। লিলির এই অর্জন যেখানে এসেছিল ২৬ বছর বয়সে, সেখানে হ্যারিস এর মধ্যে পার করে ফেলেছেন ৩৩টি বসন্ত। সামনের অক্টোবরেই ৩৪-এ পা দেবেন হ্যারিস। রিকি পন্টিং বলেছেন তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে অবমূল্যায়িত ক্রিকেটারদের একজন। নিজের এই পরিচয়ে নিশ্চয়ই খুশি হতে চাইবেন না এই ফাস্ট বোলার! ওয়েবসাইট।