রিংয়ের বাইরেও ‘বক্সিং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর আগেই জমজমাট বক্সিং বিশ্বের একত্রীকরণ লড়াইটা। আগামী শনিবার হ্যামবার্গে আসল লড়াইয়ের আগে কথার লড়াই চলছে এখন। যেখানে একটু হলেও এগিয়ে থাকতে চাচ্ছেন ব্রিটেনের ডব্লুবিএ চ্যাম্পিয়ন ডেভিড হায়ে। আইবিএফ ও ডব্লুবিএ চ্যাম্পিয়ন ইউক্রেনের ভ্লাদিমির ক্লিচকোর সঙ্গে লড়াইয়ের আগে লড়াই বাড়ানোর কোনো সুযোগই হাতছাড়া করছেন না তিনি।এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ক্লিচকোকে হাসপাতালে পাঠানোর। গত পরশু ম্যাচের আগের সংবাদ সম্মেলনে হাত মিলাতেও অস্বীকৃতি জানিয়েছেন। বলেছেন, ‘রোববার (ম্যাচের পরের দিন) তোমাকে দেখতে হাসপাতালে যাব, করমর্দনটা তখনই হবে।’ এর আগে একবার ক্লিচকোকে ‘প্রতারক’ বলা হায়ে প্রতিপক্ষকে সতর্ক করে বলেছেন, ‘আমি ওকে এমনভাবে শেষ করব, যেটা বক্সিং ইতিহাস কখনো দেখেনি।’শনিবারের ম্যাচটা হবে হায়ের মাত্র পঞ্চম হেভিওয়েট ম্যাচ। অন্যদিকে ৫৮ ম্যাচের মধ্যে ৫৫টিতেই জিতেছেন ক্লিচকো, যার মধ্যে প্রতিপক্ষ নকআউট হয়েছেন ৪৯ বার। হায়েকে দিয়েই নকআউটের ফিফটি করতে চান ৩৫ বছর বয়সী ক্লিচকো। সেই সঙ্গে উদ্ধত প্রতিপক্ষকে কিছু ‘বাস্তব শিক্ষা’ও দিতে চান।দুজনের মধ্যে শত্রুতা অবশ্য নতুন কোনো কিছু নয়। ২০০৯ সালে হায়ে একটি সংবাদ সম্মেলনে ক্লিচকো ভাইদের ক্ষতবিক্ষত মাথার ছবিওয়ালা টি-শার্ট পরেছিলেন। এএফপি।