
দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। পঞ্চম পর্বে থাকছে জার্মানির মার্কো রিউসকে নিয়ে বিশেষ রচনা—
ছোটবেলা থেকেই ছেলেটি প্রচণ্ড দুষ্টু, চঞ্চল। একটা সময় ওর বাবা-মা লক্ষ করলেন, বাচ্চাটি পায়ের সামনে যা পায়, তাতেই কিক মারে। ছেলের ফুটবলপ্রতিভার আগাম পূর্বাভাস পেয়েই কিনা, মাত্র চার বছর বয়সেই সন্তানকে ভর্তি করালেন পিএসভি ডর্টমুন্ডে। দুবছর বাদেই বাচ্চাটি নজর কাড়ল বরুসিয়া ডর্টমুন্ডের। ক্লাব কর্তৃপক্ষ যোগাযোগ করল বাবা-মায়ের সঙ্গে। সানন্দেই রাজি হলেন তাঁরা। ছেলেটি খেলা শুরু করল ডর্টমুন্ডের বয়সভিত্তিক দলে।
১০ বছর ক্লাবের হয়ে খেলার পর ক্লাব কর্তৃপক্ষ তাকে বিদায় জানাল। কারণ তাঁর মধ্যে সম্ভাবনার যে ঝিলিক দেখেছিল ক্লাবটি, সেই প্রত্যাশা নাকি পূরণ হয়নি। ভালোবাসার ক্লাব থেকে বিদায় নিতে কষ্টই হচ্ছিল ছেলেটির। কিন্তু বিধাতা চিত্রনাট্য আগেই ঠিক করে রেখেছিলেন। কে জানত, সেই ছেলেটিই কয়েক বছর বাদেই হয়ে উঠবে সেই বরুসিয়া ডর্টমুন্ডেরই আস্থার প্রতীক!
সেদিনের সেই ছেলেটিই মার্কো রিউস। গতি, শারীরিক ক্ষমতা, দৃঢ় মনোবল দিয়ে যুদ্ধক্ষেত্রের ট্যাংকের মতো গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের রক্ষণভাগ। যাঁর মধ্যে আছে জার্মানির ঐতিহ্যবাহী যান্ত্রিক ফুটবল আর লাতিন আমেরিকার শিল্পের মিশেল। লেফট উইং দিয়ে সাঁড়াশি আক্রমণ করে একের পর এক গোল করা এবং বানিয়ে দেওয়া—দুটোই করে যাচ্ছেন রিউস ক্লান্তিহীনভাবে। মাত্র ২৪ বছর বয়সীই ক্লাব এবং জাতীয় দলের বড় ভরসা হয়ে উঠেছেন।
১৯৮৯ সালের ৩১ মে রিউসের জন্ম জার্মানির ডর্টমুন্ড শহরেই। নিজের শহরকে প্রচণ্ড রকম ভালোবাসেন রিউস। না হলে বিভিন্ন সময় ইউরোপের বড় ক্লাবগুলো, এমনকি বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের কাছ থেকে লোভনীয় চুক্তির প্রস্তাব পেয়েও কেন ডর্টমুন্ডের এই গরিব সংসারেই থাকার সিদ্ধান্ত নেবেন?
২০০৬ সালে রিউস জার্মানির তৃতীয় বিভাগের দল রট-উইস এহলেনে যোগ দেন। সেখানে দুই বছর খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। মূলত রিউসের অসাধারণ পারফরম্যান্সেই দলটি বুন্দেসলিগায় উন্নীত হয়। তারপর চার বছরের চুক্তিতে রিউস যোগ দেন বরুশিয়া মনশেনগ্লাডবাখে। সেখানেও ছিলেন আশ্চর্য রকমের ধারাবাহিক। ২০১১-১২ মৌসুমে মাত্র ১২ ম্যাচে ৭ গোল করেই সবার নজরে আসেন। উপেক্ষার শিকার হওয়া সেই ছোটবেলার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ডাক পান আবারও। ২০১২ সালে ১ কোটি ৭১ লাখ ইউরোর বিনিময়ে ৫ বছরের চুক্তি করেন ভালোবাসার ক্লাবের সঙ্গে।
ডর্টমুন্ডের হয়ে অভিষেকেই বাজিমাত করেন। জার্মান কাপে অভিষেক ম্যাচে ২ গোল করে দলের জয়ে অবদান রাখেন। বুন্দেসলিগার অভিষেকটাও স্মরণীয় করে রাখেন গোল করে। ২০১২ সালের অক্টোবরে রিউসের প্রথম চ্যামিপয়ন্স লিগ অভিষেক হয় ম্যান সিটির বিপক্ষে। এবং সেখানেও তাঁর গোলেই ১-১ গোলে ড্র করে ডর্টমুন্ড!
এভাবেই ধীরে ধীরে ক্লাবের সঙ্গে একাত্ম হয়ে উঠেন রিউস, দলের প্রয়োজনের সময় জ্বলে উঠে দলকে নিয়ে যান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। যদিও সেখানে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় দল। কিন্তু রিউস জিতে নেন ২০১২ সালের জার্মানির সেরা খেলোয়াড়ের পুরস্কার।
২০১৩-১৪ মৌসুমে তো রিউস আরও বেশি দক্ষ, আরও বেশি শাণিত। মারিও গোটশের বিদায়ের পর লেভানডফস্কিকে নিয়ে রিউসই হাল ধরেন ডর্টমুন্ডের। এই মৌসুমে বুন্দেসলিগায় ৩০ ম্যাচে করেছেন ১৬টি গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে ৫ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ৩টি। সব মিলিয়ে এখন পর্যন্ত ডর্টমুন্ডের হয়ে এই মৌসুমে ৪৩ ম্যাচে ২৩ গোল করেছেন, করিয়েছেন আরও ১৮ গোল! অবিশ্বাস্য!
সামনের মৌসুমে লেভানডফস্কিও চলে যাবেন ক্লাব ছেড়ে। কোচ জার্গেন ক্লপের সান্ত্বনা, অন্তত এখনো তো দলে একজন রিউস আছেন!
ক্লাব ক্যারিয়ারের মতো জাতীয় দলেও সমান উজ্জ্বল এই তারকা। ২০০৯ সালে জার্মানির হয়ে খেলেন অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। সেখানে চমত্কার সাফল্যের পর জাতীয় দলে ডাক পেলেও ইনজুরির কারণে খেলতে পারেননি। পরে ২০১১ সালের ৭ অক্টোবর তুরস্কের বিপক্ষে অভিষেক হয় রিউসের। কম বয়সের জন্যই নাকি ২০১০ সালের বিশ্বকাপে সুযোগ পাননি। তবে এবার আর কোনো অপেক্ষার প্রহর গোনা নয়। আসন্ন বিশ্বকাপে জার্মানির হয়ে নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত দেশের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে ৭ গোল করা এই আগামীর তারকা।
ইংল্যান্ডের সাবেক জাতীয় খেলোয়াড় গ্যারি লিনেকার একবার বলেছিলেন, ফুটবল হলো এমন একটা খেলা, যেখানে ২২ জন লোক ৯০ মিনিট ধরে একটা বলকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আর শেষমেশ জেতে জার্মানরা! চিরপরিশ্রমী, দুর্বার জার্মানরা এইবার ব্রাজিল যাচ্ছে ঘরে শিরোপা নিয়ে আসার লক্ষ্যেই। কোনো সন্দেহ নেই, রিউসই হতে যাচ্ছেন জার্মানদের আশা-ভরসার প্রতীক!