রিও অলিম্পিক ঘিরে নানা শঙ্কা
বিমানের পেট ফুঁড়ে বের হয়েই পতাকাটা নাড়তে থাকলেন রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো পেজ। পাশে অলিম্পিক আয়োজক কমিটির প্রধান আর্থার নুজম্যান ও রিওর গভর্নর সার্জিও কাবরাল। পেছনেই গলায় পদক ঝুলিয়ে দাঁড়ানো লন্ডনে পদকজয়ী সব ব্রাজিলিয়ান অ্যাথলেট। অলিম্পিক পতাকা পৌঁছে গেল নতুন গন্তব্যে, ২০১৬ অলিম্পিকের শহর রিও ডি জেনিরোতে!লন্ডনের পালা শেষ। অলিম্পিকের ব্যাটন এবার ব্রাজিলের ‘বিস্ময়’ নগরে। অলিম্পিক আয়োজন করা প্রথম দক্ষিণ আমেরিকান শহর হবে রিও ডি জেনিরো। প্রথা অনুযায়ী, লন্ডনের মেয়র বরিস জনসন আর আইওসির প্রধান জ্যাক রগের হাত ঘুরে রোববার সমাপনী অনুষ্ঠানে অলিম্পিকের পতাকা হাতে পেয়েছেন পেজ। রিওর মেয়র পতাকা নিয়ে নিজের শহরে পৌঁছালেন সোমবার। রাজধানী ব্রাসিলিয়ায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অলিম্পিক পতাকাকে স্বাগত জানানো হয়ে যাওয়ার কথা গত রাতেই, যেখানে উপস্থিত থাকার কথা ব্রাজিলের প্রেসিডেন্টের। আজ পতাকা নিয়ে রিওর নানা প্রান্তে ঘুরবেন মেয়র পেজ।পতাকা হাতে রিওতে পা রেখে পেজ ভেসে যাচ্ছিলেন উচ্ছ্বাসে, ‘অলিম্পিক পতাকার আগমন এই শহরের রূপান্তরের প্রতীক হয়ে থাকবে। ব্রাজিলের জন্য এটা অনন্য এক মুহূর্ত, এখন সময় উৎসবের।’ রিওকে নিয়ে সবচেয়ে বড় শঙ্কাটা কিন্তু এখানেই। অলিম্পিক পতাকা নিয়েই উৎসবে মেতে উঠেছে রিও। অলিম্পিক উৎসবকে ঘিরে যে উৎসবপ্রিয় ব্রাজিলিয়ানরা আরও বর্ণময় সব উৎসবে মাতবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সংশয় আছে সময়মতো প্রস্তুতি শেষ করা নিয়ে। সংশয় আছে আরও অনেক ব্যাপারেই। প্রশ্ন উঠেছে, অলিম্পিক ব্যাটন তো হাতে এল, কিন্তু নিজের প্রস্তুতিটা রিও ঠিকমতো শেষ করতে পারবে তো!কাগজে-কলমে বিশ্বের ষষ্ঠ সেরা অর্থনৈতিক শক্তি হলেও প্রথম বিশ্বের কোনো নগরের অত্যাধুনিক সব সুবিধা এখনো নেই রিওতে। ভয়াবহ যানজট শহরের নিত্যদিনের ঘটনা, ট্র্যাফিক-ব্যবস্থা খুবই দুর্বল। অবকাঠামো সুবিধার নয় আগে থেকেই। অলিম্পিক সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা হলেও মাঠপর্যায়ে তেমন কোনো তোড়জোড় নেই। রিও পরিচিত তার বিশাল সব বস্তির জন্যও। নোংরা-ঘিঞ্জি ওই সব বস্তি আবার অপরাধের আখড়াও। সব মিলিয়ে রিওকে ঘিরে জমছে শঙ্কার পাহাড়।গত জুনে রিওতে গিয়েছিল আইওসির পর্যবেক্ষণ কমিটি, কাজের ধীর গতি দেখে উদ্বেগও প্রকাশ করেছিল তারা। সবচেয়ে শঙ্কার ব্যাপার, এখনো অলিম্পিক পার্কের নির্মাণকাজই শুরু হয়নি। শুরু হয়নি অনেক খেলার ভেন্যু তৈরির কাজ, মিডিয়া বক্সসহ অন্যান্য ভবন তৈরির কাজেও হাত পড়েনি। ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর সঙ্গে রিওর ট্রেন-যোগাযোগেরও যাচ্ছেতাই অবস্থা। অন্য বড় বড় শহরের সঙ্গে যোগাযোগ আর রিওর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও অলিম্পিকের চাহিদার ধারেকাছে নেই। ব্রাজিল অলিম্পিক কমিটির সাবেক সদস্য ও অ্যাটর্নি আলবার্তো মারে যেমন বলেছেন, ‘গত ৪০০ বছরে যে কাজগুলো হয়নি, সেসব করার জন্য ব্রাজিল ও রিওর হাতে সময় আছে চার বছর!’আছে কিছু সামাজিক সমস্যাও। রিওতে হোটেলে নেই পর্যাপ্ত আবাসনব্যবস্থা। আরও ১০ হাজার হোটেল রুম বাড়ানোর পরিকল্পনা আছে, তবু সেটি যথেষ্ট নয়। বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য প্রচুর বস্তি ভেঙে ফেলা হচ্ছে ও হবে। হাজারো মানুষের পুনর্বাসন নিয়েও ঝামেলায় পড়তে হবে কর্তৃপক্ষকে। ব্রাজিলে নির্মাণসামগ্রীর মূল্য আর শ্রমিকের মজুরি আকাশচুম্বী। সঙ্গে আছে বড় অঙ্কের ট্যাক্স। সব মিলিয়ে ১৪.৪ বিলিয়ন ডলারের অনুমিত বাজেট বেড়ে যাবে অনেকটাই।তবে রিওর মেয়র পেজ ও ব্রাজিলের উপক্রীড়ামন্ত্রী লুইস ফার্নান্দেস কিন্তু পাত্তা দিচ্ছেন না এসব শঙ্কাকে। ফার্নান্দেস অলিম্পিককে দেখছেন বড় একটা সুযোগ হিসেবে, ‘যে বিনিয়োগ করতে ১৫-২০ বছর লেগে যেত, অলিম্পিকের কারণে মাত্র চার বছরেই সেই পরিমাণ বিনিয়োগ হবে। অলিম্পিক আমাদের অনেক অবকাঠামো তৈরির সুযোগ করে দিয়েছে। এসব হলে রিওর চেহারাই পাল্টে যাবে।’ মেট্রোরেল আধুনিক করা হচ্ছে, বাকি সবকিছু সময়মতোই হয়ে যাবে বলে বিশ্বাস মেয়র পেজের। বিখ্যাত রিও কার্নিভালে গড়ে যোগ দেয় প্রায় আট লাখ লোক। প্রতিবছর এত বড় উৎসব সামলাতে পারে যে শহর, তারা অলিম্পিকও সামলাতে পারবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।আসলেই কতটা পারবে রিও, উত্তর মিলবে সময়েই। এএফপি, রয়টার্স।