রিও অলিম্পিকে নিষিদ্ধ হতে পারে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থার (ওয়াডা) নিরপেক্ষ প্রতিবেদন। রিচার্ড ম্যাকলারেনের এই প্রতিবেদন নতুন করে নাড়িয়ে দিয়েছে পুরো ক্রীড়াবিশ্বকে। ওয়াডা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে দাবি জানিয়েছে রাশিয়ার পুরো অলিম্পিক দলকেই রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করার। ম্যাকলারেনের প্রতিবেদনের পর করণীয় ঠিক করতে গতকাল জরুরি সভা করেছে আইওসির নির্বাহী বোর্ড। সেটার পরেই জানানো হয়েছে, রাশিয়াকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে আইওসি।
এ ক্ষেত্রে পুরো দল নিষিদ্ধ করা হলে ব্যক্তিগতভাবে অ্যাথলেটরা কোনো অবিচারের শিকার হন কি না, তা-ই মূল বিবেচ্য বিষয়। তার মানে, রিও অলিম্পিক থেকে রাশিয়ার পুরো দল নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা বাতিল হয়ে যায়নি এখনো। শুধু এটাই নয়, সবকিছুর মীমাংসা হওয়ার আগ পর্যন্ত রাশিয়ায় আইওসি আর কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে না বা পৃষ্ঠপোষকতা করবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে রাশিয়ায় প্রস্তাবিত ইউরোপিয়ান গেমসও তাই হচ্ছে না বলেই ধরে নেওয়া যায় আপাতত। সব অলিম্পিক ফেডারেশনকে তাই রাশিয়ায় হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি স্থগিত রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক সব ক্রীড়া ফেডারেশনকেও সুপারিশ করা হয়েছে তাদের কোনো টুর্নামেন্টে রাশিয়া ওয়াডার নীতিমালা ভেঙেছে কি না, তা খতিয়ে দেখার।
ডোপের বিরুদ্ধে এ লড়াইয়ে সামগ্রিকভাবে যে সামর্থ্যের ঘাটতি, তা নিয়েও উদ্বিগ্ন আইওসির নির্বাহী বোর্ড। এ জন্য ওয়াডাকে ২০১৭ সালে একটি বিশেষ সম্মেলন ডাকারও প্রস্তাব করেছে আইওসি।
ম্যাকলারেনের প্রতিবেদনেই বলা হয়েছে, রাশিয়ায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ৩০টির বেশি খেলায় ক্রীড়াবিদেরা নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন এবং পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ করত দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এই কর্মযজ্ঞ নিয়ন্ত্রণ করতেন রাশিয়ার উপক্রীড়ামন্ত্রী ইউরি নাগোরনিখ। তিনিই নাকি বলে দিতেন, কোন অ্যাথলেটকে বাঁচাতে হবে, কার নমুনা বদলে দিতে হবে এবং কোন নমুনা আলাদা রাখতে হবে।
অভিযোগের তির রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকোর বিরুদ্ধেও। ওয়াডার প্রতিবেদনে জানানো হয়েছে, ফুটবলাররাও আছেন এই তালিকায়। স্থানীয় ফুটবলে ১১ জন ফুটবলারের নমুনা বদলে ফেলার নির্দেশ এসেছে মন্ত্রণালয় থেকে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশি এক ফুটবলারের বিষয়ে নির্দেশটি এসেছিল সরাসরি মুতকোর কাছ থেকে। অলিম্পিক কমিটি এরই মধ্যে রিও অলিম্পিক থেকে মুতকোকে নিষিদ্ধ করেছে। রয়টার্স।