রিওতে আরও জাঁকিয়ে থাকবেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমি কিংবদন্তি হতে চাই এখন আমি কিংবদন্তিদুটি উদ্ধৃতিই উসাইন বোল্টের। প্রথমটি বেইজিং অলিম্পিকের পর অনেকবারই বলেছেন জ্যামাইকান স্প্রিন্টার। আর দ্বিতীয়টি লন্ডন অলিম্পিকে ২০০ মিটার জয়ের পর। অলিম্পিকের ‘ডাবল ডাবল’ করার পর ঢেঁড়া পিটিয়ে বোল্টের বলার দরকার নেই যে তিনি কিংবদন্তি। যদিও তিনি নিজেই তা বলেছেন। আর সারা বিশ্ব তাঁকে মেনে নিয়েছে জীবন্ত কিংবদন্তি রূপে। এরপর আর কী চাওয়ার থাকতে পারে উসাইন বোল্টের! থাকতে পারে, জ্যামাইকান সিপ্রন্টার নিজেই আরও বড় পরিসরে তাঁর অমরত্ব নিশ্চিত করতে চান। চার বছর পর রিও অলিম্পিকের আগেই অবসর নিতে পারেন—সাম্প্রতিক এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এক ফুৎকারে। অবসর দূরের কথা, বোল্ট বলছেন ফিট থাকলে রিও অলিম্পিকে সিপ্রন্ট বদলে লং জাম্পেও অংশ নিতে পারেন!স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানিয়েছেন ২৬ বছর বয়সী বোল্ট, ‘নতুন নতুন লক্ষ্য বাঁধাটাই আসল ব্যাপার। এখনো ক্রীড়াঙ্গনে আমার করার আছে অনেক কিছুই। আমার কোচের ইচ্ছা আমি ৪০০ মিটারে দৌড়াই, আবার লং জাম্পেও চেষ্টা করে দেখতে চাই আমি।’বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪–১০০ মিটার রিলেতে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। এই তিন ইভেন্টেই বোল্ট তাঁর শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন লন্ডন অলিম্পিকে। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও রিলেতে সেটি করেছেন। নতুন রেকর্ড গড়ার দিকেই সব সময় চোখ থাকে বোল্টের। এর সঙ্গে এবার লড়াইয়ের জমিটাকেও বিস্তৃত করার পরিকল্পনা করছেন জ্যামাইকান ‘বিদ্যুৎ’, ‘নতুন রেকর্ড গড়ার চেষ্টা সব সময়ই থাকে আমার, এটা আলাদা ব্যাপার—তবে মৌসুম শেষেই আমরা ঠিক করব পরের মৌসুমে কী করতে চাই এবং আমাদের কাজটা কী হবে।’বোল্ট যে ভবিষ্যতে নতুন কিছু করতে চান, সপ্তাহ খানেক আগেও সে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা ব্যক্ত করে। ওয়েস্ট ইন্ডিজে জুনিয়র ক্রিকেট খেলতে খেলতেই দৌড়ের ট্র্যাকে এসে পড়া বোল্টের ক্রিকেট প্রেম কারও অজানা নয়। লন্ডন অলিম্পিক জয়ের পর ‘যথাযথ সম্মানী’ পেলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলতেও নাকি তাঁর আপত্তি থাকবে না।অনেকের কাছেই এসব মনে হতে পারে এক গ্রেট অলিম্পিয়ানের হেঁয়ালিপনা। তবে তাঁর লং জাম্পে নামার ইচ্ছার পেছনে একটা তাৎপর্য খুঁজে পাওয়াই যায়। বেইজিং ও লন্ডন অলিম্পিকে সাফল্যের পর প্রশংসার বন্যায় ভাসলেও মার্কিন গ্রেট কার্ল লুইস ডোপিং প্রসঙ্গ টেনে প্রকারান্তরে তাঁকে খাটোই করেছেন। ১৯৮৪ থেকে ১৯৯৬—টানা চার অলিম্পিকের লং জাম্পে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তির পদাঙ্ক অনুসরণ করতে চেয়ে তাঁকে একটা জবাবই হয়তো তাই দিতে চান। সত্যিই যদি বোল্ট লং জাম্পে অংশ নেন এবং জেতেন, তাহলে আর তাঁকে গলা ফাটিয়ে ‘আমি কিংবদন্তি’ বলতে হবে না, বিজয়মঞ্চে দাঁড়ানো বোল্টের ছায়াটাই বলবে, ‘কিংবদন্তি সব সময়ই কিংবদন্তি’!সে অনেক পরের ব্যাপার। আপাতত যে ব্যাপারটি নিশ্চিত করছেন বোল্ট, সেটি হলো ২০১৬ অলিম্পিকের আগে অবসর নিচ্ছেন না। ‘হ্যাঁ, যদি ফিট এবং তৈরি থাকি, আমি অবশ্যই রিও ডি জেনিরো অলিম্পিকে থাকব।’ এএফপি।