রিওতে চোখ ফেল্প্সের

২০১২ লন্ডন অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনা জিতে হাসিমুখে শেষ করেছিলেন ক্যারিয়ার। মাইকেল ফেল্প্সের অবসরের ঘোষণাটা তখন অনেকের কাছেই এসেছিল বিস্ময় হয়ে। সেই বিস্ময় আরও বাড়িয়ে দিয়ে প্রায় দুই বছর পর গত এপ্রিলে আবারও পুলে ফেরার ঘোষণা দেন সর্বকালের অন্যতম সেরা সাঁতারু। শুধু তা-ই নয়, শার্লটে ইউএস গ্রাঁ প্রিতে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে প্রমাণ করেছিলেন মাঝের এই সময়টা পুল থেকে দূরে থেকেও ধার একটুও কমেনি। দারুণ এই প্রত্যাবর্তনেই হয়তো আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে ফেল্প্সের। এখন তাই ২০১৬ রিও অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন তিনি।
অলিম্পিক এখনো বেশ দূরে। তার আগে নিজেকে আরেকটু ভালো করে বাজিয়ে দেখার জন্য অবশ্য বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট পাচ্ছেন ‘জলদানব’। গতকাল থেকে শুরু যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপ তেমনি একটি টুর্নামেন্ট তাঁর জন্য। এটির পারফরম্যান্স দেখেই পরের মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ও আগামী বছর রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফেল্প্স। তাঁর দীর্ঘদিনের কোচ বব বোমান বলেছেন, ‘এ টুর্নামেন্টে সে কেমন করে সেটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেব। এর আগে তো কিছু বলা সম্ভব নয়। তবে এই টুর্নামেন্টের পরে পরিষ্কার হয়ে যাবে আসলে সে এগিয়ে আছে না পিছিয়ে আছে।’ অবসর ভেঙে ফেল্প্সের ফেরায় এমনিতেই রোমাঞ্চিত তাঁর ভক্তরা। এ রকম একটা টুর্নামেন্টের আগে স্বভাবতই তাঁর কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। তবে অলিম্পিক রেকর্ড ১৮টি সোনাজয়ী এ মার্কিন সাঁতারু নিজে প্রত্যাশার লাগামটা টেনেই ধরছেন, ‘এ টুর্নামেন্টটা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আমি নিজেও বুঝতে চাই আসলে আমি কোথায় আছি।’
ক্যালিফোর্নিয়ার আরভিনে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ১০০ মিটার ফ্রি-স্টাইল, ১০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অংশ নেবেন ফেল্প্স। তবে সর্বকালের সেরা অলিম্পিয়ান নিজে সবচেয়ে বেশি রোমাঞ্চিত ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টটি নিয়ে, ‘আমার পায়ের জন্য এটাই সবচেয়ে বেশি কষ্টকর ইভেন্ট হবে। এ ছাড়া আমি আগে এই ইভেন্টে খুব বেশি অংশ নিইনি। তবে অন্য ইভেন্টে অংশ নেওয়া আমার জন্য সব সময়ই রোমাঞ্চকর।’
তবে এসব কিছুই আরও বড় মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করা। ফেল্প্স নিজেই জানিয়েছেন, দীর্ঘদিন পুল থেকে দূরে থাকায় প্রায় ১৪ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। কঠোর অনুশীলনে সেটা নিয়ন্ত্রণে এনেছেন। রিও অলিম্পিকের সময় বয়স হবে ৩১। এমনিতে খুব বেশি না হলেও ওই বয়সী একজন অ্যাথলেটের কাছে তাঁর সেরাটা প্রত্যাশা করা একটু বাড়াবাড়ি। সেই প্রতিবন্ধকতাও জয় করতে পারবেন বলে আশাবাদী ফেল্প্স। আরভিনে পরশু সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি এখনো অনেক কিছু করতে চাই, অনেক কিছু অর্জনের বাকি আছে আমার।’ রেকর্ড ২২টি অলিম্পিক পদক আর রেকর্ড সাতবার বিশ্বসেরা সাঁতারুর খেতাব জেতার পরও আর কি অর্জনের বাকি থাকতে পারে? এএফপি, রয়টার্স।