রিওর অপেক্ষায় সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইল্ড কার্ড নিয়ে শুটার আবদুল্লাহ হেল বাকি ও আর্চার শ্যামলী রায়ের অলিম্পিকে যাওয়াটা নিশ্চিত হয়েছে। কিন্তু ইতিহাস গড়ে প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে খেলার হাতছানি গলফার সিদ্দিকুর রহমানের।
রিও অলিম্পিকের যোগ্যতা অর্জনের সেই মিশন আজ শুরু করছেন সিদ্দিকুর। চীনা তাইপের ইয়েডার প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে অলিম্পিকের কোটা প্লেস পাবেন।
রিও গেমসের কোটা প্লেস পেতে হলে অলিম্পিক র্যা ঙ্কিংয়ের ৬০-এর মধ্যে থাকতে হবে ১১ জুলাইয়ের মধ্যে। সিদ্দিকুর বর্তমানে ৫৫তম স্থানে আছেন। ৫ লাখ ডলার প্রাইজমানির এই আসরে অলিম্পিক কোটা ধরে রাখতে পারবেন বলে আশাবাদী সিদ্দিকুর। কাল চীনা তাইপে থেকে ফোনে বললেন, ‘পিঠের ইনজুরি গত কয়েক বছর আমাকে বেশ ভুগিয়েছে। থাইল্যান্ডের কুইন্স কাপে ব্যথার জন্য নাম প্রত্যাহার করে নিতে হয়েছে, তবে এখন অনেকটা ভালো আছি। আশা করছি, এবার ভালো খেলে অলিম্পিকে খেলতে পারব।’
সিদ্দিকুর বিশ্বসেরা মঞ্চে খেলার জন্য উন্মুখ, ‘অলিম্পিক সম্পর্কে আমার আগে বেশি ধারণা ছিল না। তবে দিন যত যাচ্ছে তত আগ্রহ বাড়ছে। গেমস শুরুর আগেই আমি রিওতে পৌঁছাব। ব্রাজিলে গিয়ে দেশের পতাকা উঁচিয়ে ধরতে চাই।’ সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও গেমসে খেলার সুযোগ থাকবে সিদ্দিকুরের। সে ক্ষেত্রে উপায় ওই ওয়াইল্ড কার্ড।