রিওর আগে চেনা ফারাহ
ফিনিশিং লাইন ছোঁয়ার বেশ আগেই আকর্ণবিস্তৃত হাসি। জয় নিয়ে খুব আত্মবিশ্বাসী না হলে এমন হাসি আসার কথা না কারও। মো ফারাহ অবশ্য নিশ্চিতই ছিলেন। নইলে কি আর ফিনিশিং লাইন ছোঁয়ার আগে উদ্যাপনও শুরু করে দেন! লন্ডন মিটে পরশু তাঁর ৫০০০ মিটার দৌড়টা যখন শেষ হলো, নামের পাশে সময় দেখানো হলো ১২ মিনিট ৫৯.২৯ সেকেন্ড। দ্বিতীয় হওয়া স্কটল্যান্ডের অ্যান্ড্রু বুটচার্ট দৌড় শেষ করলেন তাঁর প্রায় ১৪ সেকেন্ড পরে (১৩ মিনিট ১৪.৯৬ সেকেন্ড)। ফারাহর হেলেদুলে দৌড় শেষ করার এটাও একটা কারণ।
চার বছর আগে এই ট্র্যাকেই ইতিহাস গড়েছিলেন ৫ হাজার ও ১০ হাজার মিটারে অলিম্পিক সোনা জিতে। এরপর ২০১৩ মস্কো ও ২০১৫ বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ‘ডাবল’ ধরে রাখলেন। রিও অলিম্পিকে এই দুটি ইভেন্টের সোনা হাতছাড়া হতে পারে—এমন শঙ্কা আসলে কখনোই জাগেনি। তবে টাইমিংটা ঠিক জুতসই হচ্ছিল না। ৫০০০ মিটারে ১৩ মিনিটের নিচে নামতে পারছিলেন না বেশ কিছুদিন ধরেই। লন্ডনের এই ডায়মন্ড লিগে সেই আক্ষেপও দূর হলো। ৫০০০ মিটারে এটাই বছরের সেরা টাইমিং। ছন্দে ফিরতে পারে উচ্ছ্বসিত সোমালিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ অ্যাথলেটও, ‘দারুণ ব্যাপার। আমি দর্শকদের কাছ থেকেও ভালো সমর্থন পেয়েছি। এই ট্র্যাকে আমার অনেক স্মৃতি। নিজের শহরে ইতিহাস গড়ার সুযোগ খুব বেশি অ্যাথলেটের হয় না। আমি ওদের (সমর্থক) জন্যই রিওতেও ভালো করতে চাই।’
অলিম্পিক শুরুর আগে ফারাহর এমন দারুণ টাইমিং তাঁর প্রতিপক্ষদেরও একটা বার্তা দিয়ে রাখল। তবে এরপরও ফারাহ নিজে কিন্তু বেশ সতর্কই থাকছেন, ‘আমি সেরা ফর্মে আছি। তবে এরপরও আমাকে মাটিতে পা রাখতে হবে। আগামী আড়াই সপ্তাহে যেকোনো কিছু হতে পারে। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে।’ এএফপি।