রিওর রেঞ্জে মা ও ছেলে

এর আগে আরও সাতটি অলিম্পিকের শুটিং রেঞ্জে দাঁড়িয়েছেন। সোনাও জিতেছেন একটি। একজন অলিম্পিয়ান হিসেবে গল্প করার মতো অনেক অর্জনই আছে নিনো সালুকভাদজের। কিন্তু রিও অলিম্পিকে যে গর্ব নিয়ে যাচ্ছেন ৪৭ বছর বয়সী জর্জিয়ান নারী শুটার, অলিম্পিকের ইতিহাসেই আর কোনো খেলোয়াড়ের সেটি নেই।
এই গৌরব সালুকভাদজের একারই। রিওতে এবার তাঁর পাশে জর্জিয়ার পতাকা নিয়েই লড়বেন আরেকজন—১৮ বছর বয়সী সোতনে মাকাভারিয়ানি। সালুকভাদজেরই ছেলে! মা ও ছেলে একই গেমসে পাশাপাশি লড়ছেন, এমন কীর্তি অলিম্পিক আগে কখনো দেখেনি।
অলিম্পিকের ইতিহাসবেত্তা বিল মেলনের তথ্য, ১২০ বছরের অলিম্পিক ইতিহাস ৫৬ বার বাবা ও ছেলেকে একই গেমসে দেখেছে। বাবা-মেয়েকে ১২ বার, মা-মেয়েকে ২ বার। কিন্তু মা ও ছেলে এবারই প্রথম পাশাপাশি। খুশি ও গর্বের যুগল অনুভূতি সালুকভাদজের কণ্ঠে, ‘জর্জিয়ান শুটিং ফেডারেশনের প্রতিনিধি হতে পেরে আমি খুশি। তবে একজন মা হিসেবে তার চেয়েও কয়েক লাখ গুণ বেশি খুশি, আমার ছেলেও সেটি করতে পেরেছে।’
সালুকভাদজে ১৯৮৮ সিউল অলিম্পিকে সোভিয়েত ইউনিয়নের হয়ে মেয়েদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতেছিলেন, ১০ মিটার এয়ার পিস্তলে রুপা। ২০০৮ বেইজিংয়ে ১০ মিটার পিস্তলে ব্রোঞ্জ এনে দিয়েছেন জর্জিয়াকে। ওই অলিম্পিকেই অবশ্য পদকমঞ্চে রাশিয়ার এক শুটারকে চুমু খেয়ে আলোচনায় এসেছিলেন। সে সময় রাশিয়া ও জর্জিয়ার মধ্যে যুদ্ধ চলছিল বলে চুম্বনে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বার্তা।
শুটিং রেঞ্জে দাঁড়িয়ে হয়তো এবারও সালুকভাদজে চুমু দেবেন, তবে ছেলেকে আশীর্বাদ করে। ফেব্রুয়ারিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলে নিজের সর্বোচ্চ স্কোর করে অলিম্পিকের টিকিট পেয়েছেন ছেলে মাকাভারিয়ানি। খুশি তাঁরও কি কম? মাকাভারিয়ানি বলেছেন, ‘আমি তো দ্বিগুণ খুশি। জীবনে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিতে যাচ্ছি। তার ওপর রিওতে মাকে পাশে নিয়েই লড়ব।’
মায়ের সঙ্গে নানা ভাখতাং সালুকভাদজেকেও রিওতে নিতে পারতেন মাকাভারিয়ানি। ১৯৮৮ অলিম্পিকের পর মেয়ের সঙ্গে মিলে জর্জিয়ায় একটি শুটিং রেঞ্জ গড়ে তোলেন ভাখতাং। সেখানেই মাকাভারিয়ানির হাতেখড়ি। ভাখতাংয়ের স্বপ্নও ছিল মেয়ে ও নাতিকে একসঙ্গে অলিম্পিকে দেখার। সে স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু ৮৫ বছর বয়সী শরীর ধকল সইতে পারবে না ভেবে রিওতে যাচ্ছেন না ভাখতাং।
নানা বাড়িতে বসে প্রার্থনা করবেন, রিওর শুটিং রেঞ্জেই মাকাভারিয়ান পাবেন মায়ের আশীর্বাদ। মা সালুকভাদজে বলেই দিয়েছেন, ‘সত্যি বলতে, শেষ পর্যন্ত একজন মা হিসেবে রিওতে ছেলের ভক্ত হিসেবেই যাব আমি।’ রয়টার্স, ফক্স স্পোর্টস।